২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শক্ত’ হরতালের ঘোষণার পরও ‘ফাঁকা’ নয়া পল্টন

নেতারা ‘শক্ত’ হরতালের ঘোষণা দিলেও আগের মতোই কর্মীশূন্য নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা।  

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:57 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

অধিকাংশ শীর্ষ নেতা কারাগারে থাকায় ৩৬ ঘণ্টা হরতালের সকাল থেকে বিএনপি কার্যালয়ে আছেন কেবল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনিসহ হাতে গোণা কয়েকজন। কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরেই অবস্থান করছেন তারা।

আর অন্যান্য হরতালের দিনের মতোই মঙ্গলবার ভোর থেকে বিএনপি কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা।

শামসুজ্জামান দুদু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ আমাদের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। কার্যালয়ের সামনে সাদা পোশাকধারী সদস্যদের সংখ্যাও আগের হরতালের চেয়ে বেশি।”

কার্যালয়ের কর্মচারীদের খাবার আনতেও বাইরে যেতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

কার্যালয়ের আশ-পাশে জলকামান, প্রিজন ভ্যান ও সাঁজোয়া যান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। র‌্যাব সদস্যদের একটি দলও কাছাকাছি স্থানে রয়েছে।

পুলিশের উপ কমিশনার মেহেদী হাসান বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, কেউ ফৌজদারী আইন লঙ্ঘনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুয়াযী ব্যবস্থা নেয়া হবে।

আটক নেতাদের মুক্তি দাবিতে ১৮ দলীয় জোটের ডাকে মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার এই হরতাল শুরু হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ সোমবার এক সমাবেশ থেকে নেতাকর্মীদের প্রতি ‘শক্ত হরতাল’ করার আহ্বান জানান। তবে সকাল থেকে ওই এলাকায় কোনো মিছিলের খবর পাওয়া যায়নি।

হরতালের মধ্যেও নয়া পল্টন সড়কে রিকসা ও অটোরিকশা চলাচল করছে। তবে বিপনী বিতানসহ আশেপাশের দোকানপাট বন্ধ রয়েছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, বিকাল সাড়ে ৪টায় কার্যালয়ের তিনতলায় সংবাদ ব্রিফিংয়ে বিএনপির পক্ষ থেকে হরতালের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হবে।