২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ-ফখরুলসহ ৬ নেতা কাশিমপুর কারাগারে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ ছয় নেতা এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার রাত পৌনে ১০টায় তাদেরকে ঢাকা থেকে প্রিজনভ্যানে করে কাশিমপুর কারাগারে নেয়া হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ।

কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর উপ-কারাধ্যক্ষ মো. মুশফিকুর রহমান জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে রাত পৌনে ১০টার দিকে পার্ট-১ এ স্থানান্তর করা হয়। মওদুদ আহমদকে ওই কারাগারের চিত্রা ভবনে ডিভিশন মর্যাদা স্থানান্তর করা হয়েছে।

কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ জানান, প্রায় একই সময় একই কারাগার থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ডিভিশন বন্দি হিসেবে পার্ট-২-এর সুরমা ভবনে স্থানান্তর করা হয়।

এছাড়া দলের যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলুকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারারে স্থানান্তর করারা হয়েছে বলে জানান তিনি।  

পুলিশের করা সাতটি মামলায় রোববার ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণের পর মওদুদ আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানো হয়।

অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এই সাতটি মামলার মধ্যে তিনটিতে ইতোমধ্যে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মামলা তিনটির মধ্যে দুটি পল্টন থানার এবং একটি শাহজাহানপুর থানার।

গত ২ মার্চ বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষ এবং গাড়িতে আগুন ও ভাংচুরের অভিযোগে মামলাগুলো হয়।

পল্টন থানায় দ্রুতবিচার আইনে করা মামলায় ফখরুল, মওদুদ, গয়েশ্বর, আমান, নোমান, আলালসহ ২৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগপত্র দেয় পুলিশ।

একই থানার অন্য মামলায় মওদুদ, গয়েশ্বর, আব্বাস, আমান, আলালসহ ৪৪ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র  দেয়া হয়।

শাহাজাহানপুর থানায় দায়ের করা মামলায় ফখরুল, মওদুদ, আব্বাস, নোমান, আলালসহ ২৩ জনের বিরুদ্ধে দেয়া হয় অভিযোগপত্র।