২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভীর বিরুদ্ধে শামীমের মামলা

তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের পর পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মামলা করেছেন এ কে এম শামীম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 12:43 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

‘খুনী, সন্ত্রাসী ও গডফাদার’ বলায় আওয়ামী লীগ নেতা শামীম দলের আরেক নেতার বিরুদ্ধে মানহানির এই মামলা করেন।

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি হয়।

শুনানি শেষে বিচারক মুন্সী মশিউর রহমান আগামী ৫ মে এই বিষয়ে বিবাদী আইভীকে জবাব দেয়ার জন্য নোটিস দেয়ার নির্দেশ দিয়েছেন।

শামীম ওসমানের আইনজীবীদের অন্যতম শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সাংবাদিকদের বলেন, মেয়র আইভী গত এক মাসে গণমাধ্যমসহ বিভিন্ন সভা-সমাবেশ-সেমিনারে ত্বকী হত্যার ঘটনা নিয়ে শামীম ওসমানকে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, গডফাদার, সন্ত্রাসের লালনকারী হিসেবে মানহানিকর বক্তব্য দিয়েছেন।

ত্বকী হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমানকে দায়ী করছেন নিহতের বাবা নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি।

মেয়র নির্বাচনে শামীম ওসমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী আইভীও দায়ী করে শামীমের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।

তবে শামীম ওসমান দাবি করে আসছেন, ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

খোকন সাহা বলেন, আইভীর বক্তব্যে ঐতিহ্যবাহী একটি পরিবারের সদস্য এবং সাবেক আইন প্রণেতা হিসেবে শামীম ওসমানের মানহানি হয়েছে।

শামীম ওসমান সাংবাদিকদের বলেন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই মামলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মামলার প্রতিক্রিয়া জানতে চাইলে আইভী সাংবাদিকদের বলেন, তিনি তা আইনগতভাবে মোকাবেলা করবেন।

পুরনো খবর:

আইভী-শামীম বদানুবাদ
‘অভিযোগ আইভীকেই প্রমাণ করতে হবে’
‘মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে ওসমান পরিবার’