‘অভিযোগ আইভীকেই প্রমাণ করতে হবে’
আওয়ামী লীগ নেতা শামীম ওসমান মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার বিকালে শহরের চাষাঢ়ার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ওই খুনের ঘটনায় তার ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ মেয়র আইভীকেই প্রমাণ করতে হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
সেইসঙ্গে আইভীকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন শামীম ওসমান। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও দেন তিনি।
শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণজমায়েতে মেয়র সেলিনা হায়াত আইভী দাবি করেন, রফিউর রাব্বি তার পক্ষে সিটি কর্পোরেশন নির্বাচনে কাজ করায় তার ছেলে ত্বকীকে শামীম ওসমান খুন করেছেন। এ সময় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিতও ঘোষণা করেন তিনি।
একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বি তার ছেলে ত্বকী হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সরাসরি দায়ী করেছেন শামীম ওসমান ও তার পরিবারকে।
সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, রফিউর রাব্বির সঙ্গে তার কোন বিরোধ নেই। কিন্তু ত্বকী হত্যার ঘটনায় তাকে দায়ী করে বক্তব্য দেয়া হচ্ছে।
“রফিউর রাব্বি গণজাগরণ মঞ্চের উদোক্তা হওয়ায় তার মামলার এফআইআরে ছেলে খুনের ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করেছেন। কিন্তু পরে তাকে প্রভাবিত করে খুনের ঘটনার জন্য তাদেরকে দায়ী করা হয়েছে। ছেলের শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ত্বকীর বাবা রফিউর রাব্বি তার ছেলে হত্যার ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়ে অভিযোগ করতেই পারবেন। তিনি তা বলতেই পারেন।”
এই আওয়ামী লীগ নেতা আইভীর উদ্দেশে বলেন, “আমরা কিভাবে ত্বকীকে খুন করেছি এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত তার প্রমাণ করতে হবে মেয়র আইভীকে।”
শনিবার রাতে শামীম ওসমান মেয়র আইভীর কথিত হুমকি ও অবমাননাকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইভীর বিরুদ্ধে একটি জিডি করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুর কাদের জানান, রাত ৯ টার দিকে প্রতিনিধির মাধ্যমে শামীম ওসমান স্বাক্ষরিত লিখিত অভিযোগ পাঠানো হলে তা জিডি হিসেবে গ্রহণ করা হয়।
এদিকে রফিউর রাব্বি শনিবার দুপুরে তার বাসভবনে সাংবাদিকদের বলেন, “সরকারের উচ্চ পর্যায় থেকে চাপ দেয়ার কারণে ত্বকী হত্যার ঘটনায় পুলিশ লোক দেখানো তদন্ত করছে। ইতিমধ্যে খুনীদের ৮ থেকে ১১ জন সীমান্ত এলাকা দিয়ে দেশের বাইরে পালিয়ে যেতে সহায়তা করেছে তিন ভাইয়ের এক ভাই।
“ত্বকী হত্যাকান্ডে শামীম ওসমান ও তার পরিবার জড়িত। কিন্তু প্রশাসন জানলেও খুনীদের গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশ আসল জায়গায় না গিয়ে লোক দেখানো তদন্ত করছে।”
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ত্বকী হত্যা মামলার তদন্তে অগ্রগতি সন্তোষজনক। তবে তার উপর কোন রকম ‘উপরের চাপ’ থাকার অভিযোগ আস্বীকার করেন তিনি।
