২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভী-শামীম বদানুবাদ

আওয়ামী লীগের কেন্দ্রীয় এক সভায় বদানুবাদে জড়িয়েছেন নারায়ণগঞ্জের দুই নেতা মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

আগামী ১৮ মার্চ ঢাকায় সমাবেশ নিয়ে শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে একটি সভায় হয়, যাতে নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।

বৈঠক উপস্থিতি একাধিক জন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইভী ও শামীম বদানুবাদে জড়ালে যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বৈঠকের এক পর্যায়ে আইভী বলেন, বিগত সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের রাজনীতিতে সাময়িক বিভক্তির সৃষ্টি হয়, তবে নির্বাচনের পরেই সেটা শেষও হয়ে গেছে। তবে অনেকেই মনে করেন, নারায়ণগঞ্জে এখনো বিভক্তি আছে।

“আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। আমরা একসঙ্গে রাজনীতি করতে চাই। এজন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি। জেলা সম্মেলনও করতে হবে।”

তখন শামীমও বলে ওঠেন, “তাহলে আমারও কিছু বলার আছে।”

হানিফসহ তখন দুজনকেই থামিয়ে দিয়ে বলেন, ১৮ তারিখের পর এসব বিষয়ে কথা হবে।

সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কথা কম বলার পরামর্শ দিয়ে নেতাদের উদ্দেশে বলেন, “বলা থেকে শোনা ভালো।”

২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আইভী ও শামীম উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনী লড়াইয়ে জয় হয় আইভীর।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী দুই পরিবারের এই দুই সদস্যের মধ্যে বিরোধ এখনো রয়েছে বলে দলের স্থানীয় নেতারা জানিয়েছেন।