২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে ওসমান পরিবার’

শামীম ওসমানের পরিবার মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ত্বকি হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার নগর ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ জেলা কমান্ডার সামিউল্লাহ মিলন।

সেলিনা হায়াত আইভী বলেন, সোমবার চাষাঢ়া বিজয় স্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের ব্যানারে আয়োজিত সমাবেশে সেলিম ওসমান তার উদ্দেশে নানা হুমকি ধামকি দিয়েছেন।

“সমাবেশে বক্তারা সবাই ওসমানের অনুগত হিসেবে পরিচিত,” মেয়রের দাবি।

অভিযোগ অস্বীকার করে সামিউল্লাহ মিলন বলেন, “আমাদের প্রতিবাদ ও অনশন কর্মসূচির সঙ্গে ত্বকী হত্যার কোনো সর্ম্পক নেই। আমরাও ত্বকী হত্যার বিচার চাই।

“যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মেয়র আইভীর কাছে শহীদ মিনারে সমাবেশ করার অনুমতি চেয়েও আমরা পাইনি।”

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে অনুষ্ঠান করার অনুমতি চেয়েছে-এটা অগ্রাধিকার দিয়ে দেখা উচিত ছিল মেয়রের।  

শহীদ মিনারে অনুমতি না পেয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভে সমাবেশ করেন তারা।