২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জজ আদালতেও রিজভীদের জামিন নাকচ

হাকিম আদালতের পর দায়রা জজ আদালতেও জামিন পেলেন না বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও জয়নুল আবদিন ফারুকসহ নেতাকর্মীরা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 06:33 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

১৮ দলীয় জোটের ৩৪ নেতাকর্মীর পক্ষে সোমবার মহানগর দায়রা জজ আদালতে দুটি মামলায় জামিনের আবেদন করা হলে বিচারক জহুরুল হক তা নাকচ করে দেন।  

এই ৩৪ জনের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী ও আমান ছাড়াও ড্যাব মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম জাহিদ হোসেন এবং জাগপা সভাপতি শফিউল আলম প্রধান রয়েছেন।

আদালতে তাদের পক্ষে শুনানিতে ছিলেন সানাউল্লাহ মিয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার।

গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।

এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

পরদিন বিএনপির তিন নেতা মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও ১৮ দলীয় জোটের ১৫৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে পল্টন থানা পুলিশ। দুই মামলাতেই আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়।

এর মধ্যে দ্রুত বিচার আইনের মামলায় গত ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুল হাসান। এতে ১৪৮ জনকে আসামি দেখানো হয়।

ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান রোববার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ এপ্রিল দিন রেখেছেন।

আসামিরা জামিনের আবেদন করলে তিনি তা নাকচ করে দেন।