সড়ক অবরোধ করলো চমেক ছাত্রলীগ
ক্যাম্পাসে শিবিরের নাশকতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্র সংসদে ‘অগ্নিসংযোগ চেষ্টার’ অভিযোগ এনে এর প্রতিবাদে তারা এ অবরোধ করে বলে পুলিশ জানিয়েছে।
চমেক ছাত্রলীগের সভাপতি মেজবাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ছাত্র শিবিরকর্মীরা ছাত্র সংসদ কার্যালয়ে চারপাশে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে এবং সংসদের তালা ভাঙার চেষ্টা চালায়। তারা সংসদ কার্যালয়ের বাইরে থাকা কিছু আসবাবপত্রেও আগুন দেয়। এ ঘটনার প্রতিবাদে বিকালে ছাত্রলীগ এক ঘণ্টার জন্য কলেজের সামনের সড়ক অবরোধ করে।
পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন দেয়ার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে মৌখিক বা লিখিত কোনো অভিযোগ করেনি। ছাত্রলীগের অবরোধ খুব বেশি সময় ছিল না বলেও জানান তিনি।
চমেক ছাত্র সংসদের গত নির্বাচন ইসলামী ছাত্র শিবির বয়কট করায় ছাত্রলীগ বিনা প্রতিদ্বন্ধিতায় পূর্ণ প্যানেলে জয়ী হয়।
