‘বিএনপি নয়, ষড়যন্ত্র করছে আ. লীগ’
ক্ষমতাসীন দলের নেতাদের অভিযোগ নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয়, আওয়ামী লীগই এক দলীয় নির্বাচন করতে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণা করছে।
বিএনপিকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করার জন্যই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটকে রেখেছে বলেও অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।
শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “সরকার বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখছে। উদ্দেশ্য একটাই- নেতাদের অযোগ্য ঘোষণা করে বিএনপিকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করে আবার ক্ষমতায় যাওয়া।”
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেইটে এক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, তার দল রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের পক্ষপাতি হলেও ‘ষড়যন্ত্রকারীদের’ সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।
তার ওই বক্তব্য প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি নাকি ষড়যন্ত্র করছে। তাদের বলব, আমরা নই, আওয়ামী লীগই জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, প্রতারণা করছে।’’
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা স্পষ্টভাষায় সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, এখনো সময় আছে, দেয়াল লিখন পড়–ন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। নইলে জনগণের আন্দোলনে খড়কুটো মতো আপনারা ভেসে যাবেন।”
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ দেওয়ান মো. সালাহউদ্দিনসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জেলা জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে।
এই কর্মসূচির পরপরই ১৮ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের মুক্তির দাবিতে মহানগর জাগপা‘র উদ্যোগে আয়োজিত আরেকটি মানববন্ধনে অংশ নেন ফখরুল।
এ দুই কর্মসূচিতে সরকারের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, “আওয়ামী লীগ সরকার গ্রাম্য মোড়লের মতো আচরণ করছে। তারা মামলা-মোকদ্দমা দিয়ে বিরোধী দলকে দাবিয়ে রাখতে চায়।”
পুলিশের গুলিবর্ষণ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘‘ এটা দুভার্গ্যজনক- দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের ওপর গুলি করাকে জায়েজ বলেছেন। বিনা উস্কানিতে পুলিশের গুলি করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। কিন্তু এই সরকার মার্চ মাসে ১৭০ জন সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে গণহত্যা চালিয়েছে।”
জেলা সভাপতি রেজাউল কবির পল এর সভাপতিত্বে ছাত্রদলের মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু বক্তব্য দেন।
আর জাগপার মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, শফিউল আলম প্রধানের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসমিয়া প্রধান বক্তব্য দেন।
এদিকে নয়া পল্টনে বিএনপির মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনাতনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সভায় বলেছেন, তিনি সংবিধান ও শাসনতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে চান। আমরা জানতে চাই- ১৯৭২ সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধানকে কারা খণ্ড-বিখণ্ড করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলো। কারা বাক স্বাধীনতা হরন করেছিল।”
তিনি অভিযোগ করে বলেন, “এই প্রধানমন্ত্রীর ছেলে বিদেশী একটি পত্রিকা প্রবন্ধ লেখেছিলেন, আমাদের সেনাবাহিনীতে নাকি ৩৫ শতাংশ জঙ্গি রয়েছে। এভাবে তারা দেশকে একটি জঙ্গি ও অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। এদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র আমাদের যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে।”
পদ্মাসেতুতে দুর্নীতি, হলমার্ক ও ডেসনিটির অর্থ কেলেঙ্কারীর প্রসঙ্গ টেনে ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পদ্মাসেতুর দুর্নীতির সঙ্গে কেবল সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনই নন, এই সরকারের আরও রুই-কাতলা জড়িত। সাড়ে চার হাজার কোটি টাকা লুন্ঠনকারী প্রতিষ্ঠান হলমার্ককে আরও ঋণ দেয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এ থেকে বোঝা যায়, এসব লুটাপাটের সঙ্গে ক্ষমতাসীনদের যোগসাজস আছে।”
জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, সহসভাপতি রাবেয়া সিরাজ, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৮ দলীয় জোটের শরিক ডেমোক্রেটিক লীগের উদ্যোগে আটক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনিসহ নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়। এতে জোটের নেতা আবদুল লতিফ নেজামী, শেখ শওকত হোসেন নিলু, খন্দকার গোলাম মূর্তজা, জেবেল রহমান গানি, আলমগীর মজুমদার, গরিব নেওয়াজ প্রমূখ বক্তব্য রাখেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে উদ্যোগে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আরেকটি মানববন্ধন হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, সাংবিধানিক অধিকার ফোরামের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ বক্তব্য রাখেন।
