বিএনপি কার্যালয়ে অভিযান ‘বাধ্য’ হয়ে: প্রেস নোট
বিএনপি কার্যালয় থেকে বোমাহামলা এবং কর্মীরা নাশকতার চেষ্টা করেছিল বলেই পুলিশ অভিযান চালায় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
বিএনপি কার্যালয় থেকে বোমাহামলা এবং কর্মীরা নাশকতার চেষ্টা করেছিল বলেই পুলিশ অভিযান চালায় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
পুলিশি অভিযান ও নেতা-কর্মীদের গ্রেপ্তার নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের পর বুধবার রাতে এক প্রেস নোটে সরকার তার অবস্থান জানায়।
এই প্রসঙ্গে বিএনপি সরকার আমলে আওয়ামী লীগ কার্যালয়ে এবং দলের তথ্যকেন্দ্রে অভিযানের বিষয়টি তুলে ধরা হয়।
গত ১১ মার্চ নয়া পল্টনে কয়েকটি হাতবোমা বিস্ফোরণে ১৮ দলের সমাবেশ পণ্ড হওয়ার পর সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি কার্যালয়ে ঢোকে পুলিশ।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে যান এবং সেখানে বক্তব্যে পুলিশের এই অভিযানের কঠোর সমালোচনা করেন।
পুলিশের ওই অভিযানকে ‘ডাকাতের হামলার’ সঙ্গে তুলনা করে তিনি বলেন, “পুলিশ দলের কাউন্সিলের জরুরি কাগজপত্র, টাকা-পয়সা নিয়ে গেছে, কক্ষের দরজা ভেঙে লুটপাট করেছে।
“পুলিশ বাহিনীর এরকম কর্মকাণ্ড প্রমাণ করে, তারা আর জনগণের সেবক নয়। তারা এখন খুনি ও লুটেরা বাহিনীতে পরিণত হয়েছে।”
প্রেস নোটে সোমবার ওই অভিযান চালানোর কারণ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলে তা সরাসরি সম্প্রচার হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
এতে বলা হয়, বিএনপির কর্মসূচি নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
“সভার শেষ পর্যায়ে সভার কেন্দ্র থেকে আকস্মিকভাবে মঙ্গলবার হরতাল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা একত্রে ০৮/১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রিক্সা ভ্যানে আগুন ও আশেপাশের বিল্ডিং এ ইট-পাটকেল নিক্ষেপ করে জনগণের সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধন শুরু করে।”
সোমবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে কর্মীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
“পুলিশ দূর থেকে তাদেরকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ জানায়। পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে তারা আরও মারমুখী হয়ে পুলিশের ওপর বোমা, ইট নিক্ষেপ অব্যাহত রাখে এবং এ ধ্বংসাত্মক কার্যকলাপ অনুমান ৩০ (ত্রিশ) মিনিটকাল অব্যাহত রাখে।”
এরপর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের ভবনের ছাদে ও সভাস্থলের নিরাপত্তার জন্য কর্তব্যরত পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেয় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
“ফলে উচ্ছৃঙ্খল জনতা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ঘটনাস্থল থেকে এই দুষ্কর্মের সঙ্গে জড়িত সন্দেহে ৩০/৪০ জনকে আটক করা হয়। সভাস্থলে আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টিকারী বোমাবাজ ও সন্দেহভাজন অনেক লোকজন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে। এ পর্যায়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ভবন থেকে পুলিশকে লক্ষ্য করে আরো কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়।”
‘অপরাধীদের’ গ্রেপ্তারের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি অভিযান চালায় বলে সরকারের বক্তব্য।
“বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয় এবং এসব নাশকতামূলক তৎপরতার সাথে জড়িত সন্দেহে উপস্থিত নেতাকর্মীদেরকে আইনানুগভাবে আটক করা হয়।”
প্রেস নোটে ২০০৪ সালের ১ মার্চ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ও কাগজপত্র তছনছের কথা তুলে ধরা হয়।
পুলিশের প্রায় ৪ ঘণ্টার ওই অভিযানে শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
“তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা আটক দলীয় কর্মীদের উদ্ধারে রওনা হয়ে পথের বিভিন্ন স্থানে বাধা অতিক্রম করে দলীয় কার্যালয়ে উপস্থিত হন।”
“ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বোমা বিস্ফোরণের আলামত হিসেবে জব্দকৃত সরঞ্জামাদি শেখ হাসিনাকে দেখিয়ে তা আওয়ামী লীগ অফিস থেকে নিক্ষেপ করা হয়েছে বলে মিথ্যা তথ্য দেয়ার অপচেষ্টা করা হয়।”
“তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বোমা মারার প্রত্যক্ষদর্শী আছে কি না, জানতে চাইলেও কোনো উত্তর পাননি।”
বিএনপি সরকার আমলে ২০০২ সালের ২ অক্টোবর ধানমন্ডিতে আওয়ামী লীগের কম্পিউটারাইজড তথ্য কেন্দ্র, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআইয়ে সেনা সদস্যদের দিয়ে তছনছ করার বিষয়টিও তুলে ধরা হয় প্রেস নোটে।
ওই সব অভিযানের কোনো ব্যাখ্যা যে তখন সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি, তাও উল্লেখ করা হয় প্রেস নোটে।
