২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মনে হচ্ছে ডাকাত এসেছিলো’

বিএনপি কার্যালয়ে অভিযানের নামে পুলিশের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।  

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

২৩ মাস পর বুধবার বিকাল ৫টা ৫০ মিনিটে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। সবর্শেষ ২০১১ সালের ২৩ এপ্রিল খালেদা এই কার্যালয়ে এসেছিলেন।

গত রোববার পুলিশি অভিযানে ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখতে সেখানে পৌঁছালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা তাকে স্বাগত জানান।

শুরুতেই বিএনপি চেয়ারপার্সন তৃতীয় তলায় দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কক্ষে যান। একে একে ক্ষতিগ্রস্ত সব কক্ষ ঘুরে দেখেন তিনি।

তৃতীয় তলায় মহাসচিবের কক্ষের দুটি দরজা হাতুড়ি দিয়ে ভেঙ্গে কক্ষে ঢুকেছিলে পুলিশ।

মহাসচিবের কক্ষে গিয়ে দেখা যায় দলের মনোগ্রামসহ চেয়ার উল্টে পড়ে আছে। টেবিলের কাঁচ ভাঙ্গা। এ সময় খালেদা জিয়া বলেন, “এভাবে পুলিশ দরজা ভেঙ্গেছে ।”

দ্বিতীয় কক্ষটিতে গিয়েও সেখানে ভাংচুরের দৃশ্য দেখেন তিনি।

পাশে দাঁড়ানো সাদেক হোসেন খোকা দলের চেয়ারপার্সনকে এ সময় জানান, এই ছোট কক্ষটিতে পুলিশের ভয়ে সেলিমা রহমানসহ ৬০ জন নেতা-কর্মী আশ্রয় নিয়েছিলেন।

এরপর তিনি যান দপ্তর কার্যালয়ে। সেখানে কম্পিউটার ও কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।

এসব দেখে খালেদা জিয়া বলেন, “মনে হচ্ছে- এখানে ডাকাত এসেছিলো। একটা দলের কার্যালয়ে এভাবে ভাংচুর করা সম্ভব?”

কার্যালয় পরিদর্শন শেষে খালেদা জিয়া দোতলার বারান্দায় দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

পুলিশি অভিযান ও ভাংচুরের ঘটনারকে পূর্ব পরিকল্পিত অভিহিত করে খালেদা জিয়া বলেন, “পুলিশ নিজেরাই বোমা রেখে প্রচারণা চালিয়েছে বিএনপি অফিসে বোমা পাওয়া গেছে। এটি সাজানো। বিএনপি জনগনের রাজনীতি করে, বোমার রাজনীতি করে না।”

সাংবাদিকদের সরিয়ে দিয়ে পুলিশ এই বোমা নাটক করেছে বলে অভিযোগ করেন তিনি।

দলের চেয়ারপার্সন অভিযোগ করেন, “পুলিশ বিএনপির কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাংচুর করেছে। তারা দলের কাউন্সিলের জরুরি কাগজপত্র, টাকা-পয়সা নিয়ে গেছে। তারা কক্ষের দরজা ভেঙ্গে লুটপাট করেছে। পুলিশ বাহিনীর এরকম কর্মকাণ্ড প্রমাণ করে, তারা আর জনগণের সেবক নয়। তারা এখন খুনি ও লুটেরা বাহিনীতে পরিণত হয়েছে।”

বক্তৃতা শেষে দোতলায় নিজের চেম্বারে অফিস করেন খালেদা জিয়া। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন। তিনি দলের কার্যালয়ের কর্মচারীদেরও খোঁজ-খবর নেন।

৭টা ১০ মিনিটে খালেদা জিয়া নয়া পল্টন থেকে গুলশানের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।

গত ১১ মার্চ বিকালে নয়া পল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের পর পণ্ড হয়ে যায়। এর কিছু সময় পরই বিএনপি কার্যালয়ে ঢোকে পুলিশ।

সেখান থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয় এবং ওই কার্যালয়ের সব কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১০টি হাতবোমা উদ্ধারের কথাও জানায় পুলিশ।