২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তি দেখাবে আওয়ামী লীগ

যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জামায়াতি তাণ্ডব এবং বিরোধী দলের আন্দোলনের মধ্যে ঢাকায় নিজেদের শক্তি তুলে ধরতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 02:58 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

তাণ্ডবকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি উচ্চারণের একদিন পরই দলের সভায় ঢাকায় বড় আকারে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৮ মার্চ এই জনসভা হবে।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গীপাড়ায় কর্মর্সূচি রয়েছে এবং প্রধানমন্ত্রীও সেখানে যাবেন। তাই পরদিন জনসভার সিদ্ধান্ত হয়েছে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

ঢাকায় গত কয়েক মাসে আওয়ামী লীগ বড় কোনো জনসভা করেনি। তবে এর মধ্যে ১৪ দলের উদ্যোগে জনসভা হয়।

Image
২০১২ সালের ১৪ মার্চ ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ (ফাইল ছবি)

২০১২ সালের ১৪ মার্চ ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ (ফাইল ছবি)

ঠিক এক বছর আগে গত বছরের ১৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ করেছিল আওয়ামী লীগ।   

১৮ মার্চের জনসভা সফলে শনিবার থেকেই আওয়ামী লীগ সাংগঠনিকভাবে প্রস্তুতি নেয়া শুরু করছে।

দলের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮ মার্চের এই সমাবেশকে সফল করতে শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকার পাশের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সকাল ১১টায় ধানমন্ডির কার্যালয়ে ঢাকা, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক হবে।

এই সমাবেশকে সামনে রেখে আগামী রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগরীরের দলীয় সাংসদ এবং থানা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের  যৌথ সভা অনুষ্ঠিত হবে।

সহযোগী সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠনগুলোর সঙ্গে আগামী সোমবার সকালে ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের মতবিনিময় সভা হবে।

পল্লবীতে ১৪ দলের জনসভা

শনিবার বিকাল ৩টায় মিরপুরের ১২ নম্বর সেকশনের বিআরটিসি বাস ডিপোর সামনে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ ও কার্যকর করার দাবি এবং বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে ১৪ দলের জনসভা হবে।