২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুষ্ঠু নির্বাচনে সক্ষম ইসি’

বিরোধী দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে এলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সক্ষম বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

লন্ডনের ইসলিংটন বারা কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সোমবার তিনি বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে।

জিলানি চৌধুরীর নেতৃত্বে ওই প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব বিজন লালদেব সাংবাদিকদের জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচনের সময়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিশনের অধীনে থাকে।

বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার পর্যায়ের প্রায় সাড়ে ৫ হাজার নির্বাচন অনুষ্ঠানের কথা তুলে ধরে তিনি বলেন, এই নির্বাচনগুলো নিয়ে কোনো রকম অভিযোগ ওঠেনি। এখানে সরকারদলীয় প্রার্থীও পরাজিত হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে, বলেন শেখ হাসিনা।

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বাংলাদেশ সন্ত্রাসীদের স্বর্গরাজ্য ছিল। তখন বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেনেড হামলার শিকার হন।

“তার প্রতিবাদের সময় আওয়ামী লীগের সমাবেশেও গ্রেনেড হামলা হয়।”

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে তরুণ প্রজন্মের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে দেয়া হয়নি। তরুণ প্রজন্ম একাত্তরে হত্যা, অগ্নিসংযোগ এবং নারী নির্যাতনের ঘটনা সামনে নিয়ে এসেছে।

“এই বিচার শুরু হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলবে,” যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বলেন তিনি।

যুক্তরাজ্যের প্রতিনিধি দল বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন বলে বিজন লালদেব জানান।

এই বৈঠকে উপস্থিত ছিলেন সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।