২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিয়ে সিদ্ধান্তে যাচ্ছে নির্বাচন কমিশন

জামায়াতে ইসলামীর নিবন্ধন বহাল রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

গণজাগরণে নিষিদ্ধের দাবি ওঠার প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটিকে নিয়ে বৃহস্পতিবার ইসির এই বৈঠক হবে।

শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশকারী নির্বাচন কমিশনার জাবেদ আলী বুধবার সাংবাদিকদের বলেন, জামায়াতের গঠনতন্ত্র দেশের সংবিধান ও আইনের সঙ্গে সাংঘর্ষিক।

কুরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, “পবিত্র কুরআনে উল্লেখ আছে, দেশের শাসন ব্যবস্থা মেনে চলতে হবে। কিন্তু জামায়াতের গঠনতন্ত্রে প্রচলিত বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থাকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে।”

আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন থেকে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি উঠেছে।

এই দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, জামায়াত নিষিদ্ধে শিগগিরই বিল উত্থাপন  হবে।

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের আন্দোলনে তাদের একাত্মতা রয়েছে। মঙ্গলবার নীরবতা কর্মসূচিতেও তারা অংশ নিয়েছিলেন।

বিদ্যমান আইন অনুযায়ী, নির্বাচন করতে হলে কোনো রাজনৈতিক দলকে ইসিতে নিবন্ধিত হতে হবে।

নিবন্ধন দেয়ার আগে রাজনৈতিক দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে ইসি।

জামায়াতের গঠনতন্ত্র গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা সংশোধন করতে বলা হয় দলটিকে।

অভিযোগ রয়েছে, কয়েকদফা দলীয় গঠনতন্ত্র সংশোধন করলেও সাংঘর্ষিক কিছু ধারা কৌশলে রেখে দিয়েছে জামায়াত।

জাবেদ আলী বলেন, “জামায়াতকে বেশ সময় দেয়া হয়েছে; এরও একটা সীমা আছে।”

জামায়াত যে গঠনতন্ত্র জমা দিয়েছে, তাতে কোন কোন ধারা আইনের সঙ্গে সাংঘর্ষিক তা চিহ্নিত করতে ইসির আইন শাখাকে দায়িত্ব দেয়া হয়েছে।

“বৃহস্পতিবারের কমিশন বৈঠকে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে,” বলেন নির্বাচন কমিশনার।

তিনি জানান, সংবিধানের ৭, ৩৮ ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৬৬ ধারার সঙ্গে জামায়াতের গঠনতন্ত্রের অসঙ্গতি রয়েছে।

জামায়াতের গঠনতন্ত্র সংশোধনে এ পর্যন্ত চারবার চিঠি দেয়া হয়। কখনো জামায়াতের সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে ইসি কর্মকর্তারা জানান।

জামায়াতের নিবন্ধন বাতিল হচ্ছে কি না- প্রশ্ন করা হলে জাবেদ আলী বলেন, “আইনের আলোকে কাজ করতে হবে। আমরা কাজ শুরু করেছি। তারপর সিদ্ধান্ত নেয়া হবে।”

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে কোনো দলের নিবন্ধন বাতিলের এখতিয়ার ইসির রয়েছে।

নিবন্ধন বাতিল হলে জামায়াত নির্বাচন করতে না পারলেও দল হিসেবে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে পারবে।

রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের পাশাপাশি একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত দল হিসেবে জামায়াতের বিচারের দাবিও উঠেছে।

বামপন্থী দলগুলো দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে এলেও যুদ্ধাপরাধের এখন পর্যন্ত দুটি মামলার রায়ের পর্যবেক্ষণে জামায়াতের যুদ্ধাপরাধের জড়িত বিষয়টি উঠে আসার পর দাবিটি জোরালো হয়েছে।

সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধন বাধ্যতামূলক করার পর কমিশনে বর্তমানে ৩৮টি নিবন্ধিত দল রয়েছে। ২০০৮ সালে ইসিতে নিবন্ধন পায় জামায়াত।

পুরনো খবর:

জামায়াত নিষিদ্ধে বিল ‘আসছে’