২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগে মাঠে থাকলে রায় অন্যরকম হতে পারত’

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জনগণ আগে আন্দোলনে নামলে কাদের মোল্লার বিরুদ্ধে রায় ‘অন্য রকম হতে পারত’ বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 11:40 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

Image
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে মঙ্গলবার রাত থেকে শাহবাগ মোড়ে আন্দোলন করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বুধবার বলেন, “এই রায়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। জনগণ রায়ের আগে মাঠে থাকলে এই রায় অন্যরকম হতে পারত।”

যাবজ্জীবনের রায়ের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ক্ষমতাসীন দলের ‘আঁতাতের’ যে অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠেছে, তা নাকচ করে প্রতিমন্ত্রী বলেন, “আঁতাতের প্রশ্নই ওঠে না। যারা এটা বলছেন, তারা বানোয়াট কথা বলছেন।”

দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশে কামরুল বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে। প্রসিকিউশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতেই শাহবাগ মোড়ে ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের উদ্যোগে বিক্ষোভ  শুরু হয়। বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ  এবং  সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাতে যোগ দেন।

রাতভর প্রতিবাদী গান,  কবিতা,  মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে এবং কাদের মোল্লাকে ছয়বার প্রতীকী ফাঁসিতে ঝুলিয়ে একাত্তরের শহীদদের রক্তের ঋণ শোধের দাবি জানায় হাজারো তরুণ।

সকালে তাদের সঙ্গে দলে দলে মানুষ যোগ দিয়ে সমবেত কণ্ঠে স্লোগান তোলেন- ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’। এ সময় সরকারের একাধিক মন্ত্রী এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারাও সেখানে উপস্থিত হয়ে এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

রায় পুনর্বিবেচনার মাধ্যমে ফাঁসির আদেশ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।