২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াত নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে সরকার’

ভারতের ‘এজেন্ডা’ বাস্তবায়নের জন্য সরকার জামায়াতে ইসলামীর নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে দলটির চট্টগ্রামের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার বিকালে বন্দরনগরীর জেলা পরিষদ মার্কেট চত্বরে সমাবেশ থেকে এ অভিযোগ করেন তারা।

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতাদের মুক্তির আন্দোলনে জামায়াত-শিবির কর্মীরা জীবন দিতে প্রস্তুত বলেও হুশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে।

সমাবেশে নগর জামায়াতের সাবেক আমীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘হিন্দুস্থানী’ এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকার জামায়াত নেতাদের গ্রেপ্তার করে বিচারের নামে তাদের হত্যা করতে চাইছে।

‘সংবিধান অনুয়ায়ী এ ট্রাইবুন্যাল ‘অবৈধ’ বলেও আখ্যা দেন শাহজাহান।

নগর জামায়াতের আমীর ও সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম বলেন, ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের যে তালিকা তৈরি করা হয়েছিল তাতে বর্তমানে যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের নাম ছিল না।

রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য জামায়াত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ইস্যু তৈরি করে ৪০ বছর পর তাদের কারাগারে নেয়া হয়েছে বলে মন্তব্য করেন শামসুল ইসলাম।

তিনি বলেন, “প্রয়োজনে আমরা মরে যেতে পারি কিন্তু নিজামী, গোলাম আজম ও দেলাওয়ার হোসেন সাঈদীর কিছু হতে আমরা দিব না।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের মজলিশে সূরা সদস্য মমিনুল হক চৌধুরী, নগর জামায়াতের নায়েবে আমীর আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জাফর সাদেক, উত্তর জেলার আমীর আমিরুজ্জামান, নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির নগর (উত্তর) সভাপতি আ ন ম মশরুল হোসাইন, দক্ষিণ সভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ।

চট্টগ্রামের নগর পুলিশের অনুমতি নিয়েই জামায়াতে ইসলামী জেলা পরিষদ মার্কেট চত্বরে এ কর্মসূচি পালন করে। তবে পুলিশ তাদের মিছিল করতে দেয়নি।

সমাবেশে জামায়াত ও শিবিরকর্মীরা যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতাদের মুক্তি দাবি সম্বলিত পোস্টার বহন করতে দেখা গেছে।