সিপিবি-বাসদের মিছিলে বাধা
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে মিছিল নিয়ে সংসদে যাওয়ার সময় বাধা পেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সংসদ অধিবেশন চলার সময় সোমবার বিকালে স্পিকারকে স্মারকলিপি দিতে জাতীয় প্রেসক্লাব থেকে দল দুটির যৌথমিছিল শাহবাগে আটকে দেয় পুলিশ।
এই দিন মতিঝিলে জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশ করলেও সিপিবি-বাসদের মিছিলে বাধা দেয়ার নিন্দা জানিয়েছেন দল দুটির নেতারা।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “ঢাকায় জামায়াত-শিবির পুলিশ প্রহরায় সমাবেশ করেছে। অথচ সিপিবি ও বাসদ কৃষকদের জন্য আন্দোলন কর্মসূচি পালন করলে পুলিশ সেখানে পেপার স্প্রে ও গরম পানি ছোড়ে।
“তাহলে আমরা কি ধরে নেব, সরকার তাদের (জামায়াত) প্রটেকশন দিচ্ছে।”
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতকে নিষিদ্ধ করার দাবিতে গত ডিসেম্বরে একদিন হরতাল ডেকেছিল সিপিবি-জাসদ।
যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তি দাবিতে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলারও নিন্দা জানিয়ে আসছে বামপন্থী এই দল দুটি।
সিপিবি-বাসদের মিছিলে বাধা দেয়ার বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল নিয়ে সংসদের দিকে গেলে রাস্তাঘাটে যানজট তৈরি হত।
“তাই মিছিলকারীদের প্রতিনিধি ঠিক করে স্পিকারকে স্মারকলিপি দেয়ার জন্য অনুরোধ করা হয়।”
দুপুরে মতিঝিলে সড়ক আটকে সমাবেশ করে জামায়াত, যাতে দেখা দেয় তীব্র যানজট।
স্পিকারের কাছে স্মারকলিপি দিতে বামপন্থী দল দুটির মিছিলে নেতৃত্বে ছিলেন সিপিবি সভাপতি সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ।
