‘নৈরাজ্য করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না’
যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিরোধীদল মাঠে নেমেছে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ‘নৈরাজ্য’ সৃষ্টি করে এসব অপরাধীদের রক্ষা করা যাবে না।
শুক্রবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মন্ত্রী বলেন, “পর্যায়ক্রমে মানবতাবিরোধী অপরাধে জড়িত সকলেরই বিচার করা হবে।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং আটক নেতাদের মুক্তিসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সারা দেশে হরতাল কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী।
বিএনপিসহ ১৮ দলীয় জোটভুক্ত কয়েকটি দল তাদের ওই হরতালে সমর্থন দেয়। হরতাল চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরকর্মীরা।
একই দাবিতে সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, “হরতাল ও নৈরাজ্য সৃষ্টি করে বিরোধী দল যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না।”
হরতাল, ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন রুহুল হক।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক এম মুনছুর আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মোকলেসুর রহমান, মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহমেদ রবি প্রমুখ বক্তব্য দেন।
