আমানসহ ৯ নেতাকর্মীর জামিন
ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ৯ নেতাকর্মী জামিন পেয়েছেন।
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হক শ্যামল সোমবার তাদের জামিন মঞ্জুর করেন।
আমান ছাড়া আর যারা জামিন পেলেন তারা হচ্ছেন- ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কফিল উদ্দিন, জামাল উদ্দিন সরকার, আমজাদ হোসেন, আয়ুব আলী ওরফে কুটি মিয়া, আব্বাস উদ্দিন এবং শাহজাহান ব্যপারী।
আইনজীবী সানাউল্লাহ মিঞা ও মাসুদ আহমেদ তালুকদার আসামিদের পক্ষে জামিন আবেদন করেন। আবেদনে বলা হয়, বিএনপি নেতা আমান অসুস্থ। এ ছাড়া সুলতান সালাউদ্দিন টুকুও অসুস্থ। আসামিদের জামিন দেওয়া হোক।
আসামি পক্ষের জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, এ মামলার আসামিরা সবাই অভিযোগপত্রভুক্ত আসামি।
গত ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি পালনের সময় সাভার থানাধীন আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়া ও ভাংচুর এবং জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। যাদের মধ্যে আমানসহ এই ৯জন রয়েছেন।
