‘রাষ্ট্রের অর্থ ব্যয়ে প্রধানমন্ত্রী জনসভা করছেন’
জনগণের ‘অর্থ ব্যয়ে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রাক-নির্বাচনী’ জনসভা করছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
“প্রধানমন্ত্রীকে বলব, দয়া করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ১৮ দলীয় জোটের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।
১৯৭৫ সালের এই দিনে জাতীয় সংসদে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানে চতুর্থ সংশোধনী এনে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো। বিএনপি ও এর সমমনা দলগুলো এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে।
শুক্রবার ঈদ-ই-মিলাদুন্নবী থাকায় ১৮ দলের বিক্ষোভ কর্মসূচি শনিবার পালন করা হয়।
তরিকুল দাবি করেন, আগামীতে ক্ষমতায় আসার স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।
“তাদের উদ্দেশ্য ২০২১ সাল কিংবা রোজ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকা। সেজন্য তারা একদলীয় নির্বাচনের নীল নকশার ষড়যন্ত্র করছে।”
প্রবীণ সাংবাদিক এ বি এম মূসাকে ‘মানসিক ভারসাম্যহীন’ অ্যাখ্যায়িত করার সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “এই সরকারের বিপক্ষে বললেই তারা ভালো মানুষ নন। শেখ হাসিনার আইনজীবী ছিলেন রফিক উল হক। এখন তিনি ভালো মানুষ নন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বড় মুক্তিযোদ্ধা। কিন্তু এখন আওয়ামী লীগের কাছে তিনি রাজকার।
“অবস্থাটা এমন যে, আওয়ামী লীগের সালফিউরিক এসিড ছিটে-ফুটা দিলে মুক্তিযোদ্ধাও রাজাকার হয়ে যায়।”
বঙ্গবন্ধুকে ‘তৃতীয় শ্রেণির নেতা’ বলায় প্রবীণ সাংবাদিক এ বি এম মূসাকে ‘মানসিক ভারসাম্যহীন’ অ্যাখ্যায়িত করেছে আওয়ামী লীগ।
শুক্রবার রাতে ক্ষমতাসীন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “বঙ্গবন্ধু তৃতীয় শ্রেণির নেতা ছিলেন বলে তিনি (মূসা) যে ঔদ্ধত্যপূর্ণ, অশোভন কটুক্তি করেছেন তা নিতান্তই অনাকাঙ্খিত, দুর্ভাগ্যজনক। যা কেবল একজন মানসিক ভারসাম্যহীন, বঙ্গবন্ধুবিদ্বেষী প্রতিক্রিয়াশীল ব্যক্তির মুখেই শোভা পায়।”
মূসার ওই বক্তব্যের প্রতিবাদ জানাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বাকশাল প্রতিষ্ঠার পটভুমি তুলে ধরে সাবেক বামপন্থী নেতা তরিকুল বলেন, বাকশাল প্রতিষ্ঠার জন্য ১১ মিনিটে সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনী পাস করা হয়েছিলো। সেদিন ১৪ টি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায়। চারটি ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়। বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়। শেখ মুজিবুর রহমান নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়ে যান।
তিনি এও দাবি করেন যে, ৭ নভেম্বর সিপাহী-জনতার ‘বিপ্লবের’ মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় আসীন হয়ে বাকশাল ব্যবস্থা বাতিল করে দেশে ‘বহুদলীয় গণতন্ত্র’ প্রতিষ্ঠা করেন। ওই সময়ে আওয়ামী লীগ দরখাস্ত করে আবার রাজনীতি করার সুযোগ পায়।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার পর ঢাকায় জনৈক নুর মাতবর বাকশালের ব্যাখ্যায় বলেছিলেন, “বাঘের মুখ এবং শিয়ালের কুটবুদ্ধি মিলেই বাকশাল। দেশে আজ সেই অঘোষিত বাকশালী শাসনে আমরা বন্দি হয়ে আছি।”
সভাপতির বক্তব্যে দলের সহসভাপতি ও মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকা স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের কঠোর সমালোচনা করেন।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, টক শোতে আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পাগল।’
খোকা বলেন, “তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) কেবল পাগলই নন, বদ্ধ পাগল। সরকার একজন মাদকাসক্ত ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছে। তার জন্য পুরান ঢাকায় বিশ্বজিত খুন হয়েছে।”
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর যুগ্ম আহবায়ক আলী আজগর মাতবর, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব বক্তব্য রাখেন।
১৮ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ, মহানগর সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ঐক্যজোটের আমীর আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া জোটের শীর্ষ নেতাদের মধ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
