২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি ওয়ান-ইলেভেনের শঙ্কা এরশাদের

রাজনৈতিক মতবিরোধের কারণে দেশে আবার জরুরি অবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 08:35 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্যের প্রেক্ষাপটে শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই শঙ্কার কথা জানান তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া নির্বাচনে যাবে না। আর আওয়ামী লীগ সেটি চাচ্ছে না।

“এমন পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে না এলে হয়ত নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচনে নির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে, তা নিয়েও সংশয় আছে।”

দুই দলের এমন অবস্থানের কারণে ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি হতে পারে কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, “হ্যাঁ, হতে পারে।”

২০০৭ সালে মতভেদকে কেন্দ্র করে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি অবস্থা আসে দেশে। পরবর্তী দুই বছর সেনা নিয়ন্ত্রণে একটি সরকার দেশ চালিয়েছিল।

সেই রকম কোনো সরকার এলে জাতীয় পার্টি সমর্থন দেবে কি না- জানতে চাইলে এরশাদ বলেন, “পরিস্থিতি যাই হোক একটি সরকার তো ক্ষমতায় যাবে। সেটি তখন দেখা যাবে।”

দুপুরে রাজধানীর বনানী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ওই এলাকার সংসদ সদস্য এরশাদ। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি।

অনুষ্ঠানে বক্তব্যে ‘ছাত্র রাজনীতি’ নিয়ে খেদ প্রকাশ করে তিনি বলেন, “আমি চেয়েছিলাম ছাত্ররা যেন রাজনীতিতে না আসে। আমার সে ইচ্ছা পূরণ হয়নি।

“ছাত্ররা লেখাপড়া করবে; বিএ-এমএ পাস করবে, তারপর পেশা বেছে নেবে। সে রাজনীতিই হোক, ডাক্তারিই হোক, আর যে কোনো পেশাই হোক।”

ছাত্র রাজনীতিতে চলমান সংঘাতের অবসান আশা করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “সে দিনের অপেক্ষায় রয়েছি। আশা করি, সে আশা একদিন পূর্ণ হবে।”

রাজনৈতিক বিভেদ ক্রীড়াঙ্গনে যেন প্রভাব না রাখে, সে আহ্বানও রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বশীরুদ্দীন।