‘বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’
বিএনপি-জামায়াত দেশকে ‘অস্থিতিশীল’ করতে নানা ‘চক্রান্ত’ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা।
তিনি শুক্রবার জামালপুর পৌরসভার রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে ছয় তলা ফাউন্ডেশনের প্রথম তলা নির্মাণ করা হয়।
মন্ত্রী অভিযোগ করেন, সরকার যখন তার নির্বাচনী ওয়াদা একে একে বাস্তবায়ন করছে এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার করছে তখন বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।
“বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না।”
সুখি, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার লক্ষে তিনি পুনরায় নৌকা প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহবানও জানান।
রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশ্রাসক কবির আল আসাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর্জা সাখায়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, জেলা আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিছ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষিবিদ মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল প্রমূখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
