‘রায় কার্যকর না হওয়া পর্যন্ত মাঠে থাকব’
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে মানবন্ধন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
ঢাকায় এই কর্মসূচিতে অংশ নিয়ে জোটের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন,যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ের পর তা কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথে সক্রিয় থাকবেন তারা।
ক্ষমতাসীন এই জোটের নেতারা বিএনপির সমালোচনাও করেছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তেও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
রাজধানীতে বিকাল সাড়ে ৩টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রাজধানীর প্রায় ১৭ কিলোমিটার সড়কে মানববন্ধন করেন ১৪ দলের নেতা-কর্মীরা। এতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়।
যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দিয়ে প্রথম রায়ের তিন দিন পর এই কর্মসূচি থেকে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকার শপথ নেন ১৪ দলের নেতা-কর্মীরা।
মানববন্ধন থেকে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে ১৪ দলের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
৩০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে জনসভা ও গণসংযোগ এবং ১৫ ফেব্রুয়ারি সারাদেশে গণ পদযাত্রা করা হবে।
বঙ্গবন্ধু স্কয়ারে মানববন্ধনে দাঁড়িয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, “যুদ্ধাপরাধী জামাতের সঙ্গ ছাড়ুন, নইলে বাংলাদেশের মানুষ আপনাকে (খালেদা) পরিত্যাগ করবে।”
যুদ্ধাপরাধীদের বিচার বানচালে জাতীয় ও আন্তর্জাতিক চাপ রয়েছে দাবি করে তিনি বলেন, “সব চাপ উপেক্ষা করে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।”
মতিয়া চৌধুরী বলেন, “পাপ তার বাপকেও ছাড়ে না। বঙ্গবন্ধুর হত্যার পর খুনিরা বলেছিল, কেউ তাদের বিচার করতে পারবে না। কিন্তু তাদের বিচার হয়েছে। মানবতাবিরোধীদের বিচারও বাংলার মাটিতেই হবে।”
বঙ্গবন্ধু স্কয়ারে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন, সাম্যবাদী দলের দীলিপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগ নেতা এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
জাতীয় প্রেসক্লাবের সামনের মানববন্ধনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “বিদেশি মিডিয়ায় বাচ্চু রাজাকারের ফাঁসির রায় নিয়ে যে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে, সে ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।”
“যুদ্ধাপরাধীদের বাঁচাতে এর আগে জামাত-শিবির পুলিশের ওপর হামলা চালিয়েছে। আর খালেদা জিয়াসহ তার দলের নেতাকর্মীরা এদের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন।”
সেখানে মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিরিন শারমিন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক অসিত বরুণ রায়, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
ময়মনসিংহে ১৪ দলের মানববন্ধন
চট্টগ্রাম নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে কর্মীদের প্রতি আহ্বান জানান ১৪ দলের নেতারা।
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, “মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন করা হোক।”
সমাবেশে জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল যুদ্ধাপরাধীদেরকে ‘দেশের ময়লা’ আখ্যায়িত করে বলেন, “সারাদেশে যুদ্ধাপরাধী ও রাজাকার রয়েছে তা শুনলে আমার কষ্ট লাগে। আর চট্টগ্রামের মাটিতেও একটা যুদ্ধাপরাধী আছে, তা শুনলে আমার গায়ে লাগে।
“সাকা চৌধুরীর মতো যুদ্ধাপরাধীর চট্টগ্রামের মাটিতে থাকার কোনো অধিকার নেই।”
বিচারের রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আবুল কালাম আযাদ পালিয়ে পাকিস্তানে করাচিতে অবস্থান করছেন দাবি করে বাদল বলেন, ‘এতে যুদ্ধাপরাধীদের খুঁটিটা কোথায় তা প্রমাণ করে।’
মানববন্ধন ও সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম ও দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন।
অন্যান্য জেলায়ও বিকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দলের নেতা-কর্মীরা।
