বুধবার গণসংযোগ করবে বিএনপি
নির্দলীয় সরকারের দাবিতে আগামী ২৩ জানুয়ারি সারাদেশে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করবে বিএনপি।
সোমবার সকালে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘সরকারের দুঃশাসন ও নির্দলীয় সরকারের দাবিতে জনমত গড়ে তুলতে আমরা এই কর্মসূচি নিয়েছি।’’
এ জন্য দলের স্থায়ী কমিটির সদস্য, সহসভাপতিসহ সারা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।
গত বছরের ২৬ ডিসেম্বর এই গণসংযোগসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে প্রধান বিরোধী দল বিএনপি। রুহুল কবির রিজভী জানান, বিএনপির অন্যতম শরীক জামায়াতে ইসলামীসহ ১৮ দলীয় জোটের নেতারাও এই কর্মসূচিতে অংশ নেবেন।
তিনি বলেন, ‘‘এ কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে জনগনকে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য।’’
অন্যদের মধ্যে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
