আযাদকে ধরে এনে রায় দ্রুত কার্যকরের দাবি রাজনীতিকদের
যুদ্ধাপরাধের মামলায় আবুল কালাম আযাদের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো।
সোমবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, “বাচ্চু রাজাকার যেখানেই থাকুক, তাকে ধরে এনে বিচারের রায় কার্যকর করা হবে।”
বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত আবুল কালাম আযাদের অনুপস্থিতিতেই জামায়াতে ইসলামীর সাবেক এই রুকনের বিরুদ্ধে মামলায় রায় হয়। তিনি পলাতক।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে হানিফ রায়ের প্রতিক্রিয়ায় আরো বলেন, “(যুদ্ধাপরাধীদের বিচারের প্রতি) অকুণ্ঠ সমর্থন দেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন দ্রুত রায় কার্যকর করতে হবে।”
বৈঠক চলাকালে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের রায় জেনে ১৪ দলের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয় বলে জানান তিনি।
নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সতর্ক করে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ।
ফাঁসির আদেশের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, “আজকের দিনটি জাতির জন্য অত্যন্ত আনন্দের দিন। এ রায়ের মধ্য দিয়ে জাতির দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। জাতি একই সঙ্গে আনন্দিত ও উল্লসিত।”
এখন দেশবাসী দ্রুত এ রায় কার্যকর দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, “আমরা আশা করি, যথাসময়ে এ অপরাধের বিচার দ্রুত শেষ হবে। জাতি এর মধ্য দিয়ে কলঙ্কের বোঝা থেকে মুক্তি পাবে।”
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আইনগত খুঁটিনাটি বিষয়গুলো দ্রুত সমাধান করে রায় বাস্তবায়ন করতে হবে।
জাসদের কার্যকরী সভাপতি সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল বলেন, “৪০ বছরের পুঞ্জিভূত ক্ষোভের প্রশমন হয়েছে এ রায়ে। স্বাধীনতার বিজয় হয়েছে।”
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “এ রায়ের মাধ্যমে অন্তত মুক্তিযুদ্ধের একটি ঋণ আমরা শোধ করলাম। আশা করি অন্যান্য রায়ও দ্রুত হবে। আমরা জাতিকে কলঙ্কমুক্ত করব।”
যারা যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এ বিচার যারা বানচাল করতে তাদের প্রতি ধিক্কার করছি।”
ওয়াকার্স পাটির নেতা বিমল বিশ্বাস বলেন, “বিলম্বে হলেও যে রায় ঘোষণা হয়েছে তাতে মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হয়েছে।”
বাচ্চু রাজাকারের ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমও।
রায়ের প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায়ে সমস্ত দেশবাসী সন্তুষ্ট। তবে একইসঙ্গে জাতি এ রায়ের দ্রুত বাস্তবায়ন দেখতে চায়।”
“একই সাথে জাতি আশা করে, বাচ্চু রাজাকারের মতো যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ অন্যদেরও একই দণ্ড দেয়া হবে এবং দ্রুত তা কার্যকর করা করাটাও গুরুত্বপূর্ণ।”
আবুল কালাম আযাদের পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলে সিপিবি সভাপতি বলেন, “প্রশ্ন রয়ে গেছে বাচ্চু রাজাকার আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে পালিয়ে গেল কীভাবে, কার সহযোগিতায়। বিষয়টির একটি তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।”
একই সঙ্গে পলায়নে যারা সহযোগিতা করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
মুক্তিযুদ্ধে গণহত্যা, খুন, ধর্ষণ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের শাস্তি হিসেবে আবুল কালাম আযাদকে ফাঁসির আদেশ দেয়া হয়।
বেলা ১২টার দিকে রায় ঘোষণার পরপরেই আদালত প্রাঙ্গণসহ মহানগরীর বিভিন্ন সড়ক, অলিগলিতে আনন্দ মিছিল করেছে উৎফুল্ল জনতা।
ঢাক-ঢোল পিটিয়ে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে বিভিন্ন সংগঠনকে।
