২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে আরো ২ মামলায় রিমান্ডে চায় পুলিশ

বিএনপির ভারপ্রপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আরো দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে হেফাজতে চেয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

গত ৯ ডিসেম্বর অবরোধের দিন পুলিশের কাজে বাধা, হামলা, হত্যা চেষ্টা ও গাড়িভাঙচুরের অভিযোগে কলাবাগান থানা এবং বিস্ফোরক আইনে পল্টন থানার দুটি মামলায় বুধবার হেফাজতের এ আবেদন করা হয়।

হেফাজতের আবেদনে পল্টন থানার উপ পরিদর্শক খোরশেদ আলম বলেন, ফখরুলের নির্দেশেই বিএনপি কর্মীরা হাতবোমা ফাটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং পুলিশের ওপর হামলা করে তাদের হত্যার চেষ্টা করেছে।

কলাবাগান থানার মামলায় হেফাজতের আবেদন করেন উপ পরিদর্শক দেবরাজ চক্রবর্তী।

দুই মামলাতেই ১০দিন করে হেফাজতে চাওয়া হয়েছে ফখরুলকে।

পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. আনিসুর রহমান জানান, কলাবাগান থানার মামলায় আগামী ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন হেফাজতের আবেদন শুনবেন।

আর পল্টন থানার মামলাটিতে হেফাজতের আবেদনের শুনানি হবে ২৭ জানুয়ারি, মহানগর হাকিম রেজাউল ইসলামের আদালতে।

১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে।

এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা।

হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় জামিন পান ফখরুল। তবে মতিঝিলের মামলায় তার আবেদন নাকচ হয়ে যায়।।

এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।