২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিরোধী দল যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টায়’

হরতাল, বোমাবাজি ও পুলিশের ওপর হামলা চালিয়ে বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ওয়াকার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার বিকালে বন্দর নগরী চট্টগ্রামের লালদীঘির মাঠে সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চট্টগ্রাম নগর ১৪ দল এ সমাবেশের আয়োজন করে।

ফজলে হোসেন বাদশা বলেন, “১৪ দলের প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। তাই সমগ্র জাতি যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের জন্য অপেক্ষা করছে।”

জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার আহবান জানান তিনি।

জামাত-শিবিরের ক্যাডাররা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে অরাজকতা সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছে বলে মন্তব্য করেন বাদশা।

তিনি বলেন, “পিঠ দেয়ালে ঠেকলে আমরা রাস্তায় নামব। এতে জামায়াত-শিবির মাঠে থাকতে পারবে না।”

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার হবে দাবি করে বলেন, “অন্যায়ের কাছে আমরা মাথা নত করতে জানি না। এ বিচারের দাবিতে আমরা মিছিল করব, রাস্তায় আন্দোলন করব।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, সাম্যবাদী দলের নেতা রুদ্র কুমার, গণতন্ত্রী পার্টি যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সাংসদ হাসিনা মান্নান ও চেমন আরা তৈয়ব।