‘বিকাশ মুক্তি পেলেও ফখরুল মুক্তি পান না’
সরকার খুনের আসামিদের মুক্তি দিলেও রাজনৈতিক নেতাদের মুক্তি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় সহ সভাপতি এম মোরশেদ খান।
“এ সরকারের আমলে ২৫ জন ফাঁসির আসামির দণ্ড মওকুফ করা হয়েছে এর মধ্যে ২০ জন খুনের আসামি”, বলেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং ‘গুম-হত্যা-অপহরণের’ প্রতিবাদে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা রাজধানী ঢাকাসহ দেশের মহানগর ও জেলা সদরে এই কর্মসূচি পালন করে।
বন্দরনগরীর পতেঙ্গা থেকে শাহ আমানত সেতু পর্যন্ত এ মানব প্রাচীর কর্মসূচিতে বিভিন্ন স্থানে নগর বিএনপি ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
সীমান্তে গণহত্যা বেড়ে চলেছে অভিযোগ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সুন্দরবনের বাঘ বাঁচাতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী চার ঘণ্টা বৈঠক করলেও ফেলানিকে বাঁচাতে কোনো বৈঠক করেনি।”
মানব প্রাচীরে অংশ নিয়ে দুর্নীতি দমন কমিশনেরও সমালোচনা করে তিনি।
কমিশনকে সার্টিফিকেট কমিশন উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগের মন্ত্রীরা দুর্নীতিবাজ নয় বলে এ কমিশন সার্টিফিকেট দিচ্ছে।”
আওয়ামী লীগ বারবার স্বৈরাচারকে স্বাগত জানিয়েছে বলে অভিযোগ করেন মানবপ্রাচীরে অংশ নেয়া বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
সাবেক বাণিজ্যমন্ত্রী ও নগর বিএনপি সভাপতি বলেন, “৭৩ সালে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে বাকশাল কায়েম করেছিল। যখন স্বৈরাচারী এরশাদ এবং মঈনুদ্দীন ক্ষমতা দখল করেছিল তখনও আওয়ামী লীগ তাদের সমর্থন জানিয়েছিল।”
নগরীর জিইসি মোড়ে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান তার সমর্থকদের নিয়ে এ কর্মসূচিতে অংশে নন।
এছাড়া ওয়াসা মোড়ের কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, উত্তর জেলার সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, নগর জামাতের আমীর ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম প্রমুখ।
