আরেকটি হলেই লাল কার্ড: মান্না
আওয়ামী লীগে আছেন কি না, সে বিষয়ে এখনো নিজে নিশ্চিত নন মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, “জানি না আছি কি না। আমাকে একটা হলুদ কার্ড দেখানো হয়েছে, আর একটা দেখানো হলেই লাল কার্ড দেয়া হবে।”
জরুরি অবস্থায় দলে সংস্কারের দাবি তুলে সমালোচনার মুখে পড়েছিলেন আওয়ামী লীগের ওই সময়ের সাংগঠনিক সম্পাদক মান্না।
আওয়ামী লীগ কর্মীদের কর্মীদের অভিযোগ, ওই সংস্কারের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিদায় করা।
জরুরি অবস্থার অবসানের পর নির্বাচনে মনোনয়ন পাননি মান্না। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতেও কোনো পদ পাননি তিনি।
ডাকসুর সাবেক ভিপি মান্না বর্তমানে নাগরিক ঐক্য নামে একটি ফোরামের আহ্বায়ক।
আওয়ামী লীগ সভানেত্রীর সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা নিজের দলের কাউকে বিশ্বাস করেন না।”
আওয়ামী লীগ সরকারের কার্যক্রমে হতাশা প্রকাশ করে মান্না বলেন, “আমাকে লাল কার্ড দেখানোর আগেই জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখানোর প্রস্ততি নিয়েছে।”
তিনি বলেন, “দেশে এখন তিনটি দল আছে। আওয়ামী লীগ, বিএনপি ও মিডিয়া। মিডিয়া নামক দলটি না থাকলে আমরা বিশ্বজিত দাসের প্রকৃত খুনিদের দেখতে পেতাম না।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নাগরিক সেবাদানকারী পরিবহন অটো রিকশা, এই শিল্পের শ্রমিকদের বাঁচাতে অবৈধ অর্থ আদায় বন্ধসহ সরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই’ শীর্ষক এক আলোচনা সভায় সোমবার বক্তব্য রাখেন মান্না।
তিনি বলেন, “সরকার ও যোগাযোগমন্ত্রীরা কোনো সড়ক দুর্ঘটনার জন্য ক্ষমা চাইতে পারেন না। এজন্য আমাদেরকে ক্ষমা চাইতে হয়।”
“চাঁদাবাজ পুলিশদের স্পর্শ করার ক্ষমতা সরকারের নেই। শুধু নিরীহ জনগণকে আক্রমণ করার ক্ষমতা তাদের আছে।”
ঢাকা জেলা অটো রিকশা-অটো টেম্পু-মিশুক যানবাহন শ্রমিক ইউনিয়ন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মজিবর রহমান মাস্টার।
