জামায়াত নেতা মুজিবুর গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান গ্রেপ্তার হয়েছেন।
রোববার সন্ধ্যায় খুলনার জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করে র্যর্যাবের একটি দল।
ফাইল ছবি
বাহিনীর গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।”
মুজিবুর রহমান দলের নেতাকর্মীদের সংগঠিত করতে বিভিন্ন জেলা সফর করছিলেন বলে জানান এই কর্মকর্তা।
রাজশাহীর সাবেক সংসদ সদস্য মুজিবর জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি।
জামায়াতের এই নেতা গত ৩ ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার মামলার আসামি।
গত ২৮ নভেম্বর নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় মজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবন অবসান পর্যন্ত হতে পারে।”
এরপর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। ওই মামলায় পল্টন থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় আদালত।
মুজিবুর রহমানের আগে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন- মিয়া গোলাম পরওয়ার, তাসনীম আলম, আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রমুখ।
