‘মাইনাস টু নয়, হতে পারে প্লাস হয়ে থ্রি’
দুই প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে ওয়ান-ইলেভেনের মতো ‘ষড়যন্ত্রের’ কথা বলা হলেও সেই ধরনের কিছু দেশে হবে না বলে মনে করেন ব্যারিস্টার রফিক-উল হক।
দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে বাদ দেয়ার নতুন কোনো পরিকল্পনাও সফল হবে না বলে তার ধারণা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মুক্তচিন্তা ফোরাম’ আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন ব্যারিস্টার রফিক।
তিনি বলেন, “কেউ কেউ বলছে, আরেকটি ১/১১ আসতে পারে। কিন্তু আমি বলতে চাই, এটি আর আসবে না।
“১/১১ সরকার সম্পর্কে দুই নেত্রীসহ আমাদের সকলেরই ধারণা ও অভিজ্ঞতা আছে। আমরা আর পচা শামুকে পা কাটতে চাই না। এটি আমাদের ক্ষতি করেছে, কোনো উপকার করেনি।”
“মাইনাস টু ফর্মুলার একটি প্রয়াস হয়েছিল, কিন্তু সেটি শেষ হয়েছে। এই চিন্তা এখন দুশ্চিন্তা। মাইনাস টু কখনোই হতে পারবে না। এখন এই টু-এর সঙ্গে বরং আরেকটি প্লাস হয়ে থ্রি হতে পারে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, মাইনাস টু-এর ফর্মুলাদাতারা মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে।
বিএনপি নেতারাও ২০০৭ এর মতো গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্রের কথা বলে আসছিলেন।
খালেদা জিয়ার গণঅনশন কর্মসূচিতে সংহতি প্রকাশকারী রফিক-উল হক বলেন, “বিএনপি ১/১১ চায়, এটা সঠিক নয়। ফেয়ার নির্বাচন হলে সমস্যা কেটে যাবে ।
“তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা অন্তবর্তীকালীন সরকারের অধীনে হোক।দেশের মানুষ চায়, একটি গ্রহণযোগ্য বা সুষ্ঠু নির্বাচন।”
রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণে দুই নেত্রীকে একত্রে বসানোর ওপর জোর দেন তিনি, যিনি জরুরি অবস্থার সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার মামলার আইনজীবী ছিলেন।
দুই নেত্রীকে একত্রে আলোচনায় বসানোর জন্যে সাংবাদিকদের আহ্বান জানিয়ে রফিক-উল হক বলেন,“তাদের মুক্ত আলোচনা করা দরকার, যেন দেশের সব মানুষ মতামত দিতে পারে। তা কোনো টেলিভিশন চ্যানেল বা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হতে পারে।”
“আমি বিশ্বাস করি, দুই নেত্রীই দেশের ভালো চান। কিন্তু কীভাবে চান? তারা একে অন্যকে বাদ দিতে বলে। আমি বলব, তাদের একে অপরের সাথে মিট করতে হবে। মিট করে এমন একটি সিস্টেম বের করতে হবে, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়।”
“গণতন্ত্রের কথা শুধু মুখে বললে হবে না। এটার ব্যবহার করতে হবে। ব্যবহার না করলে দেশে কোনোদিন গণতন্ত্র স্থির হবে না।”
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন,আওয়ামী লীগ বলছে অন্তবর্তীকালীন সরকার আর বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার ।
“যে নামেই ডাকেন, সেটা রেগুলার সরকার না।তত্ত্বাবধায়ক হতে গেলে পার্লামেন্ট আছে ।সেখান থেকে দু-দল থেকে পাঁচ জন করে অথবা ১০ জন করে নেয়া যেতে পারে। তারা নির্ধারণ করবে সরকারের প্রধান কে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন না হওয়ায় দুঃখ প্রকাশ করে ব্যারিস্টার রফিক।
তিনি বলেন,“আমরা বলি, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন। সে চোর না , বাটপার না, তার মতো লোককে পিওরলি পলিটিক্যাল কারণে জামিন মঞ্জুর করছে না।
“এই জন্য আমি বলি, আমরা মুখ দেখে বিচার করি। যার কারণে জাজেরা আমার ওপরে ক্ষ্যাপা।”
বিশ্বজিত দাস হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রবীণ এই আইনজীবী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা পার্টির লোক না। কিন্তু আমরা টেলিভিশনে দেখেছি, তারা পার্টির লোক।
“যারা এভাবে মানুষ খুন করতে পারে ,তারা কোনো দলের লোক হতে পারে না। তাদের দল থেকে বহিষ্কার করা দরকার।”
