‘আ. লীগের স্বার্থেই এক-এগারোর সৃষ্টি’
আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই ২০০৭ সালে ‘এক এগারোর’ মতো ঘটনার সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “এক এগারো সৃষ্টির নায়ক কেবল সামরিক বাহিনীর জেনারেলরা নয়, সিভিলিয়ানরাও ছিলেন। তারা বিদেশি এজেন্ট হিসেবে একসঙ্গে কাজ করেছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্যই সেদিন এক এগারো সৃষ্টি করা হয়েছিল।”
সে সময় আলোচিত ‘মাইনাস টু ফর্মুলা’র আসল লক্ষ্য শেখ হাসিনা-খালেদা জিয়া নয় বরং খালেদা জিয়া ও তারেক রহমান ছিলেন বলেও দাবি করেন এই বিএনপি নেতা।
সাবেক সেনা কর্মকর্তা হান্নান বলেন, “শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে এক এগারো সৃষ্টির অন্যতম নায়ক ব্রিগেডিয়ার আমিনের ঘনিষ্ট যোগাযোগ ছিল।”
বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ব্রিগেডিয়ার আমিন বিভিন্ন কারাগারে বন্দি বিএনপির নেতাকর্মীদের ওপর ‘অমানবিক নির্যাতন’ চালান বলেও অভিযোগ করেন হান্নান শাহ।
বিএনপি জামায়াত-জোট সরকারের আমলে ২০০৬ সালের অক্টোবরের শেষে বিচারপতি কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে অপরাগতা প্রকাশ করলে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। পরে আওয়ামী লীগসহ মহাজোটের আন্দোলন এবং দুই রাজনৈতিক জোটের মধ্যে রাজপথ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ২০০৭ সালের ১১ জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করেন ইয়াজউদ্দিন।
পরদিন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ। সেই সরকারের দুই বছরে গ্রেপ্তার হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াসহ অনেক রাজনৈতিক নেতা। দল ভাঙা-গড়ার খেলাও চলে।
সেই সময় বিএনপির অলিখিত মূখপাত্র হিসেবে দায়িত্বপালনকারী হান্নান শাহ জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদের আলোচনা সভায় নিজের দলের কিছু নেতার প্রতি ইঙ্গিত করে বলেন, “ওই সময়ে সরকারে থেকে এক এগারো সৃষ্টির জন্য যারা সহযোগিতা করছেন, আমরা তাদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছি। যারা ওই সময়ে আমাদের নেত্রী ও তারেক রহমানকে গালিগালাজ করেছেন, তারা আজও দলের নীতিনির্ধারক পর্যায়ে বসে আছেন।’’
“এক এগারোর সময়ে তারা দলের ভেতরে নেকড়ে বাঘের মতো লুকিয়ে ছিলেন। এখন ওইসব নেকড়ে তাদের নখ লুকিয়ে ভেড়ার মতো বসে আছেন “
তত্ত্বাবধায়কের দুই বছরে দলে ‘বিরুদ্ধ শক্তির’ তৎপরতার বিবরণ দিতে গিয়ে হান্নান শাহ বলেন, “চারদলীয় জোট সরকারে দুই শতাধিকের ওপর সংসদ সদস্য ছিলেন। এক এগারোর সময়ে আমি খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে একটি বিবৃতিতে স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নিয়েছিলাম। তখন মাত্র ছয়জন পুরুষ সংসদ সদস্য এবং নয়জন মহিলা সংসদ সদস্যের স্বাক্ষর পেয়েছি। অন্যরা কেউ বিবৃতিতে সই দিতে রাজি হননি।”
এক-এগারোর ঘটনা থেকে দলের নেতাকর্মীদের শিক্ষা নেয়ারও আহবান জানান তিনি।
ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহ্য সংসদ আয়োজিত ‘১/১১ এর প্রেক্ষাপটে জাতির প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, “এক এগারো ছিলো বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র।”
অন্যদের মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, সাংসদ নিলোফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও ইসমাইল হোসেন বেঙ্গল অনুষ্ঠানে বক্তব্য দেন।
