‘নির্বাচনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই’
সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচন হবে জানিয়ে তাতে বিরোধী দলকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
সুরঞ্জিত বলেন, “রাজনৈতিক সদিচ্ছা থাকলে নির্বাচনের জন্য সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই, এই সংবিধান রেখেই তা করা যেতে পারে। এর জন্য প্রয়োজন শুধু আন্তরিকতার, সদিচ্ছার।”
সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে চায় বলে বিএনপি নেতাদের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।
তিনি বলেন, “বহুদলীয় গণতন্ত্রের মূল প্রবক্তা আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের গায়ে স্বৈরতন্ত্রের কালিমা লেপন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অর্থহীন।”
“আমি বিরোধীদলীয় নেতাদের আহ্বান জানাই, আপনারা সংসদে আসুন, সরকারের সঙ্গে আলোচনা করুন, আসন্ন সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হোন,” বলেন তিনি।
এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শোভাযাত্রার শুরুতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানান।
তিনি বলেন, “অন্তবর্তীকালীন সরকারে রূপরেখা নিয়ে সংসদে আলোচনার এইটাই আপনাদের শেষ সুযোগ। সংসদে আসুন এবং এ ব্যাপারে আপনারা আপনাদের প্রস্তাব তুলে ধরুন।”
