২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিএফআইয়ের ‘আশ্রয়ে’ ছিলেন পরেশ বড়ুয়া

সাংবাদিক বার্টিল লিন্টনারের নতুন বইয়ে উঠে এসেছে উলফা-ডিজিএফআইয়ের এক সময়ের ‘যোগাযোগের’ এই চিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2012, 05:07 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

ভারতের ‘বিচ্ছিন্নতাবাদী’ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)এবং বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মধ্যে এক সময়ের কথিত যোগাযোগের ওপর নতুন করে আলো ফেলেছেন বিখ্যাত সুইডিশ সাংবাদিক বার্টিল লিন্টনার।

নতুন বই ‘গ্রেট গেইম ইস্ট’-এ তিনি লিখেছেন, ১৯৯৬ সালের ২৯ এপ্রিল ঢাকায় উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার সঙ্গে দেখা হয়েছিল তার। আর সেই সাক্ষাৎ ঘটেছিল ডিজিএফআইয়ের এক ‘সেইফ হাউজে’। 

১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে উলফা। 

ফার ইস্টার্ন ইকনোমিক রিভিউয়ের সাবেক সাংবাদিক বার্টিল লিন্টনারের লেখা ৪৪২ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে হার্পার কলিনস।

বইটির পঞ্চম অধ্যায়ের শিরোনাম ‘আসাম অ্যান্ড বাংলাদেশ’, যেখানে ঢাকায় পরেশ বড়ুয়ার সঙ্গে সেই সাক্ষাতের কথা তুলে ধরেছেন লিন্টনার।  

১৯৯৬ সালে ওই সাক্ষাতের কিছুক্ষণ আগেই গৌহাটির নীলাচল পাহাড়ের চূড়ায় কামাক্ষ্যা মন্দিরের বাইরে এক হামলায় এক ভারতীয় কর্নেলের নিহত এবং আরেকজনের গুরুতর আহত হওয়ার কথা পরেশের কাছে পৌঁছায়।  

“খবরটা যখন আসে, সে সময় তিনি (পরেশ) একা ছিলেন না। ঢাকার একটি সেইফ হাউজে তার পাশে ছিলেন ডিজিএফআইয়ের দুই কর্মকর্তা। আমিও ছিলাম সেখানে। আর এটা নিশ্চিত যে, এই গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের অত্যন্ত গোপন এই ‘সেইফ হাউজে’ একজন বিদেশি সাংবাদিক দেখে মোটেও খুশি হয়নি।”    

“অফিসিয়ালি, বাংলাদেশ কখনোই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয়ার কথা স্বীকার করেনি। কেবল এই এলাকা যখন পূর্ব পাকিস্তান ছিল, তখনই তেমনটা করা হতো”, লিখেছেন লিন্টনার।   

বইটির বিবরণ অনুযায়ী, পরেশ বড়ুয়ার সঙ্গে লিন্টনারের ওই সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়া, যিনি নিজেও পরে বাংলাদেশে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। 

লিন্টনারের বর্ণনায়, সেই সেইফহাউজটি ছিল খোলা মাঠের মধ্যে দুই তলার একটি সুরক্ষিত ভবনে, যার নিচে একটি বেইজমেন্টও ছিল।  

ওই ভবনে পৌঁছাতে হতো একটি নোংরা রাস্তা পার হয়ে। খুব কাছাকাছি অন্য কোনো বাড়িও ছিল না, জনাকীর্ণ ঢাকায় যা সচরাচর দেখা যায় না।   

পরে ২০০২ সালে আরেক দফা উলফা নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও ডিজিএফআই কর্মকর্তাদের কারণে তা সম্ভব হয়নি বলে লিখেছেন লিন্টনার।

“২০০২ সালের মার্চে চট্টগ্রামে উলফার ফরেইন সেক্রেটারি শশধর চৌধুরীর সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা হয়। হোটেলে বসে আমি তার দেয়া একটি ই মেইল ঠিকানায় যোগাযোগ করি। কিন্তু এরপর আর কারো সাড়া পাইনি। পরে জানতে পারি, শশধর চৌধুরীসহ অন্য উলফা নেতাদের ডিজিএফআই সতর্ক করে দিয়েছিল, যাতে তারা আমার সঙ্গে সাক্ষাৎ না করেন।”

“আমি নিশ্চিত , ১৯৯৬ সালে ঢাকায় সেই সাক্ষাতের পর ডিজিএফআই আর কোনো বিদেশি সাংবাদিককে উলফা নেতাদের গুপ্ত আশ্রয়ের আশেপাশে ঘেঁষতে দেয়নি”, লিখেছেন লিন্টনার।        

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনাও উঠে এসেছে বার্টিল লিন্টনারের লেখায়। দুবাই ভিত্তিক এআরওয়াই গ্রুপের সঙ্গে বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরও ওই অস্ত্র চোরাচালানের ঘটনায় জড়িত থাকার ইংগিত রয়েছে বইটিতে।  

অবশ্য ‘গ্রেট গেইম ইস্ট’ বইয়ে লিন্টনারের আলোচনার মূল বিষয় হলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তারের রাজনীতিতে চীন ও ভারতের দ্বৈরথ। এ এলাকার সন্ত্রাসবাদী দলগুলো কীভাবে এই রাজনীতির খেলায় ‘ঘুঁটি’ হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাও উঠে এসেছে তার লেখায়। 

এশিয়ায় সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে লিন্টনারের লেখা সপ্তাম বই এটি। বাকি বইগুলোর মধ্যে মিয়ানমার, দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশসহ উত্তর কোরিয়া প্রসঙ্গও এসেছে। 

২০০২ সালে বাংলাদেশে সর্বশেষ সফরে ইসলামী জঙ্গিবাদের উত্থান নিয়ে ‘কোকুন অব টেরর’ শিরোনামে একটি প্রতিবেদন লেখেন লিন্টনার, যা বহুমুখী আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তখনকার বিএনপি নেতৃত্বাধীন সরকার ফার ইস্টার্ন ইকনোমিক রিভিউয়ে প্রকাশিত ওই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেও লিন্টনার তার বক্তব্যে অনড় থাকেন।