চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পরপরই চট্টগ্রামের নাসিমন ভবনে বিএনপি কার্যালয় এলাকায় অন্তত আটটি গাড়ি ভাংচুর করা হয়েছে।
ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে কাজীর দেউরী থেকে এনায়েত বাজার মোড় এলাকা পর্যন্ত এলাকায় প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
রোববার অবরোধের সময় সংঘাতের ঘটনায় দায়ের করা একটি মামলায় সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে নাসিমন ভবন ও আশেপাশে থাকা বিএনপি কর্মীরা গাড়ি ভাংচুর শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কতোয়ালী থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বেরিয়ে এসে এই ভাংচুর চালায়।”
এ সময় পুলিশ তিনজন আটক করেছে বলে জানান ওসি।
পুলিশ লাঠিপেটা করে বিএনপি কর্মীদের সরিয়ে দিলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক গাড়ি ভাংচুর করা হয়।
অবরোধে ‘পুলিশ ও সরকার সমর্থকদের’ হামলার অভিযোগ এনে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/জেকে/১৯৩৫ ঘ.
bdnews24