২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে সহিংসতায় রাজধানীতে ৩৮ মামলা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধে রাজধানীতে হত্যা, গাড়িতে আগুন, ভাংচুরসহ সহিংসতার ঘটনায় ৩৮টি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধে রাজধানীতে হত্যা, গাড়িতে আগুন, ভাংচুরসহ সহিংসতার ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, রোববার অবরোধের সময় পুরান ঢাকায় পিটুনি ও ছুরিকাঘাতে বিশ্বজিত নামের এক যুবক নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এছাড়া দ্রুতবিচার আইনে পাঁচটি, বিস্ফোরক আইনে পাঁচটি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে রমনা, সবুজবাগ ও শিল্পাঞ্চল থানায় তিনটি করে, বংশাল, মতিঝিল, সূত্রাপুর, পল্টন, দারুস সালাম ও বানানী থানায় দুটি করে, কলাবাগান, মুগদা, শেরেবাংলা, কদমতলী, শাহজাহানপুর, ডেমরা, শ্যামপুর, উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানায় একটি করে এবং মিরপুর ও যাত্রাবাড়ী থানায় চারটি করে মামলা হয়েছে বলে জানান মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সিটি কর্পোরেশনের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে পল্টন থানায়। রোববার গভীর রাতে মো. আয়নাল নামে সিটি কর্পোরেশনের এক গাড়ি চালক ওই মামলা দায়ের করেন। মির্জা ফখরুল ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আসামি করা হয় এ মামলায়। নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রোববার ভোর ৬টা থেকে আট ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ সময় ঢাকার গাবতলী, মিরপুর, পান্থপথ, শাহবাগ, যাত্রাবাড়ী, পুরান ঢাকা, সাভারের আমিনবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুর চালানো হয়। কেবল রাজধানীতেই পুলিশের তিনটিসহ শতাধিক গাড়িতে ভাংচুর চালায় বিরোধী দলের নেতাকর্মীরা। অবরোধের সময় পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের কাছে অবরোধকারী ও সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার পর একদল যুবকের পিটুনি ও ছুরিকাঘাতে নিহত হন শাঁখারিবাজারের দর্জির দোকানি বিশ্বজিত দাস। গণমাধ্যমের খবরে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের হামলায় বিশ্বজিত নিহত হন। ওই ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক জালাল উদ্দিন বাদি হয়ে রোববার রাতে একটি মামলা করেন। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, অবরোধ চলাকালে ঢাকা মহানগরে ১৬২ জনসহ সারা দেশে ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/জেকে/১৭২৫ ঘ.