চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির সমর্থনে বন্দরনগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে নগর বিএনপি।
এর আগে শনিবার সকালে নগরীর কদমতলী বাসস্টেশন এলাকায় সংক্ষিপ্ত এক সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রোববারের রাজপথ অবরোধ কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার সারাদেশে আট ঘণ্টা রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এই কর্মসূচি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য দাবি করে তা থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সমাবেশে শাহাদাত হোসেন হুঁশিয়ার করে দেন যে, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে কোনো ধরনের ‘বাধা বা হামলা’ করা হলে পরবর্তীতে চট্টগ্রাম থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর পর নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ ও বিভিন্ন যানবাহনের চালক-কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার আহ্বানে রোববারের ‘অবরোধ কর্মসূচি’ সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
লিফলেট বিতরণে অংশ নেন নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, কেন্দ্রীয় বিএনপি সদস্য শাহবুবুর রহমান শামীম, এমএ আজিজ, এসএম সাইফুল আলম, মোশারফ হোসেন দিপ্তী, ইয়াছিন চৌধুরী লিটন, মো. সালাউদ্দিন, পারভীন আক্তার, কুলসুমা বেগম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৭০০ ঘ.
bdnews24