২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি সাম্যবাদী দলের

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে মহাজোট সরকারের শরিক সাম্যবাদী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে মহাজোট সরকারের শরিক সাম্যবাদী দল। মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে ইসির সঙ্গে সংলাপে এ দাবি জানানো হয়। দুপুরের পর দলের সাধারণ সম্পাদক ও শিল্প মন্ত্রী দীলিপ বড়–য়ার নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি সংলাপে অংশ নেয়। তারা বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করার পক্ষে মত দিয়েছে। একই সঙ্গে ১৯৭৬ সালের সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ অনুযায়ী আঞ্চলিক অখ-তা এবং জনসংখ্যাকে প্রাধান্য দিয়ে আসনের সীমানা বিন্যাস করতে বলেছে। সাম্যবাদী দল বলেছে, প্রয়োজনে নির্বাচনে সেনা মোতায়েন করা যেতে পারে। একই সঙ্গে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার রোধে নির্বাচনী আইন লঙ্ঘনকারীদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থার জন্য আইন প্রণয়নের সুপারিশ করেছে। এছাড়া দলটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা, নির্বাচন কমিশনকে স্বাধীন ও আরো শক্তিশালী করার পক্ষে মত দিয়েছে। জাতীয় নির্বাচনের সময় সরকারের অন্তত ছয়টি মন্ত্রণালয়ের (জনপ্রশাসন, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়) কর্তৃত্ব নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করার সুপারিশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এছাড়াও দলটি নির্বাচনের সময় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য মন্ত্রণালয়কেও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাখা যেতে পারে বলে সুপারিশ করে। নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সম্পর্কিত এই সংলাপে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক সুবিধা এবং বর্তমান সীমানাকে যথাসম্ভব বহাল রেখে সংসদীয় আসনের সীমানা বিন্যাসের পক্ষে মত দেয়। সেইসঙ্গে দলটি ঢাকা মহানগরীর আসন সংখ্যা ১০-এ নামিয়ে আনা, একদিনের পরিবর্তে সাতদিনে নির্বাচন করা এবং ‘না’ ভোটের বিধান পুনরায় চালু করার সুপারিশ করেছে। সংলাপে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সংলাপে স্বগত বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ। জাসদ, এলডিপি, বিকল্পধারা বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ মঙ্গলবারের সংলাপে অংশ নেয়নি। তবে এলডিপি ছাড়া বাকি তিনটি দল সংলাপে অংশ নেওয়ার জন্য নতুন করে সময় চেয়েছে। বুধবার বিকেল তিনটায় আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮৫৫ ঘ.