ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বাঁচাতে নয়, সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের প্রতিবাদে অবরোধ কর্মসূচি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে ১৮ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) ত্রি-বার্ষিকী সম্মেলনে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “আমাদের কর্মসূচি দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে আমরা কর্মসূচি দিইনি। বিএনপি জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং স্বাধীনতা-সার্বভৌম রক্ষা করার জন্য কর্মসূচি দিয়েছে।”
সরকারের হটানোর আন্দোলন গতিশীল করতে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি।
গত ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতার ঘোষিত কর্মসূচির সমালোচনা করে বলেছিলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াত বিজয়ের মাসে কর্মসূচি দিয়েছে।
গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের বশির মিলনায়তনে এলডিপি এই ত্রি-বার্ষিক সম্মেলন হয়। দিনব্যাপী সম্মেলনে ৫০ জেলার ৫শ’ কাউন্সিলর ও তিন হাজার প্রতিনিধি অংশ নেন।
সকালে দলের সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
ফখরুল বলেন, “আমরা বলতে চাই, ডিসেম্বর মাস মুক্তির মাস। এ মাসেই আমাদের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের পরাজিত করে দেশ স্বাধীন করেছে। তাই এবারের ডিসেম্বর মাসে গণতন্ত্রকামী মানুষ নির্যাতনকারী ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সেই লক্ষ্যে আমাদের এই আন্দোলন, আমাদের কর্মসূচি।”
দুর্নীতি দমন কমিশনকে সরকারের এজেন্ট হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “হলমার্ক, ডেসনিটি, পুঁজিবাজার থেকে সরকারের লোকজন হাজার হাজার কোটি টাকার বিদেশে পাঁচার করে নিয়ে গেছে। পদ্মা সেতু প্রকল্পে তারা দুর্নীতি করেছে। কিন্তু দুর্নীতি দমন কমিশন ওইসব অপকর্মে কোনো দুর্নীতির গন্ধ খুঁজে পায় না।”
বিচার বিভাগ দলীয়করণের ফলে বিরোধী দল ন্যায় বিচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন ফখরুল।
সভাপতির বক্তব্যে কর্নেল অলি আহমেদ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানান।
তিনি বলেন, “আর সময় নেই। এ সরকারকে হটাতে না পারলে জনগণের মুুক্তি আসবে না।”
সমাপনী অনুষ্ঠানে এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, সভাপতিম-লীর সদস্য আবদুল করিম আব্বাসী, মামদুদুর রহমান, কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯১১ ঘ.
bdnews24