২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বরের চেতনায় ‘জেগে ওঠার’ আহ্বান বিএনপির

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 09:16 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করেছে বিএনপি। বুধবার সকালে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা ওড়ানো হয়। এরপর বেলা ১১টার দিকে খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর আলোচিত একটি দিন। কার্যত এ দিনেই জিয়াউর রহমানের উত্থান ঘটে, যিনি পরে রাষ্ট্রক্ষমতায় আসীন হন এবং বিএনপি প্রতিষ্ঠিত হয়। শেরে বাংলা নগরে জিয়ার কবর জিয়ারতের পর সমাধি প্রাঙ্গণে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন খালেদা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। আজ আমাদের গণতন্ত্র ও অর্থনীতি হুমকির মুখে।” “এ রকম সঙ্কটকালীন অবস্থায় আমরা সশ্রদ্ধচিত্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। তাই ৭ নভেম্বরের চেতনায় দেশের মানুষের জেগে উঠতে হবে।” ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সেনাপ্রধান হিসেবে দায়িত্বে আসেন জিয়া। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। এতে গৃহবন্দি হন জিয়া। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। ওই অভ্যুত্থানে জাসদের নেতা-কর্মীরাও যোগ দেয়। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক। জিয়া মুক্ত হওয়ার পর খালেদ মোশাররফ ও তার সঙ্গী মেজর হায়দারসহ অনেককে হত্যা করা হয়, যার অধিকাংশই মুক্তিযোদ্ধা। জাসদ ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস হিসেবে পালন করে। অন্যদিকে আওয়ামী লীগ পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এ দিনে সরকারি ছুটি থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর তা বাতিল করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রধান শফিউল আলম প্রধানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাবৃন্দ ও সাংস্যদরা শেরেবাংলা নগরে খালেদার জিয়ার সঙ্গে ছিলেন। পরে মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, বাস্তহারা দল, উলামা দলসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে জিয়ার কবরে পুস্পমাল্য দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫০৫ ঘ.