পুলিশের ওপর চড়াও জামায়াতকর্মীরা
চট্টগ্রাম, সিলেটসহ কয়েকটি জেলার পাশাপাশি ঢাকার মালিবাগেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতে ইসলামীর কর্মীরা।
ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো মঙ্গলবারও ঢাকাসহ কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও বরিশালে এই সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। গ্রেপ্তার হয়েছেন জামায়াতের অর্ধ শতাধিক নেতাকর্মী।
সংঘর্ষের সময় রংপুর ও বগুড়ায় জামায়াত কার্যালয়ে আগুনও দেয়া হয়।
রাজধানীসহ কয়েকটি জেলায় সোমবার পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় যুদ্ধাপরাধের অভিযুক্ত নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভরত জামায়াতকর্মীরা।
ঢাকায় সংঘাতের ঘটনায় পুলিশ জামায়াতের চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করে, গ্রেপ্তার করা হয় ৩১ জনকে।
মামলা-গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকালে রংপুর, গাইবান্ধা, বগুড়া ও বরিশালে; দুপুরে সিলেট, সিরাজগঞ্জ ও চট্টগ্রামে এবং বিকালে ঢাকায় জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘাত বাঁধে।
রাজধানীর মালিবাগ রেল গেইট এলাকায় বিকাল সাড়ে ৪টার দিকে জামায়াতকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়।
বিকাল ৫টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এই সময়ে মৌচাক-রামপুরা সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
সংঘর্ষস্থল থেকে ২০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার নূরুল ইসলাম জানিয়েছেন।
অন্যদিকে ঢাকা মহানগর জামায়াতের প্রচার সম্পাদক সফিকুল ইসলাম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মিছিল বের করলে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়।
শহরের শাপলা চত্বরের পাশে জামায়াত কার্যালয় থেকে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। ওই সময় ওই এলাকায় থাকা ট্রাক শ্রমিকদের সঙ্গে জামায়াতকর্মীদের বাক-বিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় পুলিশ এলে তাদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে জামায়াতকর্মীরা। পুলিশও তখন পাল্টা লাঠিপেটা শুরু করে।
পুলিশের সঙ্গে স্থানীয়রাও জামায়াতকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই সময় শাপলা চত্বর এলাকায় জামায়াতের কার্যালয়টি পুড়িয়ে দেয়া হয়।
পরে কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
প্রায় দুই ঘণ্টা সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল এ) এ বি এম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতকর্মীরা বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা চালালে নিরাপত্তার স্বার্থে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে।”
জামায়াত কার্যালয়ে কারা আগুন দিয়েছে, তা পুলিশ জানে না বলে উল্লেখ করেন তিনি।
সহকারী পুলিশ সুপার বলেন, জামায়াতের হামলায় আহত কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেনসহ অন্যদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে মহানগর জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলাল সাংবাদিকদের বলেন, পুলিশের ইন্ধনেই তাদের কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।
সংঘর্ষের সময় পুলিশ ১০ জামায়াত কর্মীকে আটক করেছে বলেও দাবি করেন তিনি।
দুপুরে সিলেট শহরে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান, একটি মটরসাইকেল ও কয়েকটি গাড়ি ভাংচুর করে জামায়াতকর্মীরা।
বেলা আড়াইটার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে একটি মিছিল বের করে জামায়াত। মিছিলটি জিন্দাবাজার এলাকায় পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধা ঘণ্টার সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধ শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করেছে।
বরিশালে জামায়াতে ইসলামীর মিছিল থেকে পুলিশের ওপর ইট ছোড়া হয়।
নগরীর গির্জামহল্লা থেকে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত। ফলপট্টি এলাকায় ওই মিছিল থেকে পুলিশের ওপর ঢিল ছোড়া হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলকারীদের সকলের সাথে স্কুল ব্যাগ ছিল। সেই ব্যাগে ইটের টুকরা ও দাহ্য জাতীয় পদার্থ নিয়ে মিছিল করে তারা।”
পুলিশের ধাওয়ার মুখে ফেলে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ইটের টুকরো ও এক লিটার কেরোসিন তেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদি হয়ে অজ্ঞাত ৫০ থেকে ১০০ জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করে মামলা করেছেন।
দুপুর পৌনে ১টার দিকে জামায়াতকর্মীরা মিছিল নিয়ে কাজীর দেউরি এলাকা থেকে জামাল খানের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় তারা একটি ট্রাকসহ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল করতে বাধা দিলে জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এ সময় ১৩ জনকে আটক করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে শহরের গোহাইল রোডের টিটু মিলনায়তনের সামনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর ইট ছুড়লে পুলিশের ধাওয়ার মুখে তারা পালিয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি ছকির উদ্দিন জানান, সাড়ে ১১টার দিকে শহরের সেউজগাড়ী মোড়ে জামায়াত কর্মীরা আরেকটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের ধাওয়ার মুখে তারাও পালিয়ে যায়। এ সময় আটক করা হয় চারজনকে।
নবাববাড়ী সড়কের প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে একদল যুবক হঠাৎ করে জামায়াত কার্যালয়ে ঢুকে চেয়ার ও আসবাবপত্র ভাংচুর করে। পরে তারা আগুন লাগিয়ে দিয়ে চলে গেলে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
এ সময় রেটিনা কোচিং সেন্টার এবং ইসলামী ছাত্র শিবিরের কার্যালয় সামা ভবনে ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ১২ জনকে আটক করেছে দাবি করে বগুড়া শহর জামাতের সেক্রেটারি জেনারেল মাজেদুর রহমান জুয়েল দাবি করেন, আওয়ামীলীগের কর্মীরা শহর জামায়াত কার্যালয়ে আগুন দিয়েছে।
সকাল ১১টার দিকে গাইবান্ধা শহরের রেল গেইট এলাকায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি পলাশপাড়া এলাকায় গেলে পুলিশ তাতে বাধা দিলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে।
এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উপ-পরিদর্শক (এসআই) রায়হান, কনস্টেবল ভবেশ চন্দ্র ও আলম মিয়া আহত হন।
সংঘর্ষে শিবিরের ১৭জন আহত হয় বলে ওই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, নাশকতা করার জন্য শহরে ছাত্রশিবির হঠাৎ মিছিল বের করে। পুলিশ তাতে বাধা দিলে পুলিশের ওপর ইট ছোড়ে। এ সময় নয়জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
নগরীর বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে নগরীর বড় মসজিদ, গণকপাড়া ও ভুবন মোহন পার্কের সামনে হঠাৎ জামায়াত-শিবির নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করে।
এই সময় পুলিশের বাধা পেয়ে তারা ইট নিক্ষেপ করতে থাকে।
সাহেব বাজার জিরো পয়েন্টে পুলিশ সদস্যদের ঘিরে মারধর করলে ছয় পুলিশ সদস্য আহত হয় বলে তিনি জানান।
পরে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে তারা। পরে পুলিশের বাধায় তারা পিছু হটে। এখানেও ইটের আঘাতে দুই পুলিশ আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/আরএ/এএইচ/এমআই/১৯২০ ঘ.
