২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী আটক

পুলিশের সঙ্গে সংঘর্ষের জের এবং নাশকতা সৃষ্টির আশংকায় দেশের দশ জেলা থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষের জের এবং নাশকতা সৃষ্টির আশংকায় দেশের দশ জেলা থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া খুলনায় মহানগরীতে সোমবার বিক্ষোভ মিছিলে পুলিশ আহত হওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৬৩ জনের নাম উল্লে¬খ করে অজ্ঞাত পরিচয় আরো এক হাজার ৬৩ জনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। নড়াইলেও জেলা জামায়াত আমীর, সেক্রেটারিসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। সোমবার ও মঙ্গলবার এসব অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভরত জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে সোমবার বিকালে রাজধানীর মতিঝিল এলাকায় পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশের একটি পিকআপ, বিআরটিসির একটি বাস এবং বেশ কয়েকটি মটর সাইকেলে আগুন দেয় জামায়াতকর্মীরা। এতে আহত হয় অন্তত পঞ্চাশ জন। পুলিশ ঘটনার পর ৩১ জনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- রাজশাহী : রাতে নগরীতে জামায়াত-শিবির পরিচালিত মেসগুলোতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে মহানগর গোয়েন্দা পুলিশ ১২ জন, মতিহার থানা ৭ জন, রাজপাড়া থানা ৮ জন এবং বোয়ালিয়া মডেল থানা ৮ জনকে আটক করে। নগরীর মতিহার থানার ওসি সানাউল হক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল, পুলিশের কাজে বাধা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে ৩৫ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৭ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মতিহার থানার এএসআই শাহনাজ পাড়ভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, কাজলা, মেহেরচন্ডি, ডাঁশমাড়ি, বুধপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জয়পুরহাট : জয়পুরহাটে পুলিশ ১২ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে। এরমধ্যে রয়েছে সদর থানায় ৫ জন, পাঁচবিবি থানায় ৩ জন এবং ক্ষেতলাল থানায় ২ জন। পুলিশ সুপার হামিদুল আলম বলেন, পুলিশের উপর হামলার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সদর থানার ইন্সপেক্টর (ওসি) আব্দুর রশিদ সরকার ও ইন্সপেক্টর (তদন্ত) খায়রুল বাশার বলেন, এ ঘটনায় সোমবার রাতে সদর থানায় জামায়াত-শিবিরের ৭৬ জন নেতাকর্মীর উল্লেখসহ ৪ শতাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। ঝালকাঠী : পুলিশ জামায়াত ও শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার ভোরে জেলা সদর, নলছিটি ও রাজাপুর থানা পুলিশ এদের গ্রেপ্তার করে দুপুরে ১৫১ ধারায় আদালতে পাঠিয়েছে বলে জানান ঝালকাঠী সদর থানার পরিদর্শক ( ওসি) আব্দুল মান্নান। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলা থেকে সোমবার রাতে জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে রয়েছেন সদরে ৬ জন, শিবগঞ্জে ৪ জন, ভোলাহাটে ১ জন, গোমস্তাপুরে ৬ জন ও নাচোল উপজেলায় ২ জন। এসব থানা কর্মকর্তারা বলেন, নাশকতা সৃষ্টির আশংকায় তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। রাজবাড়ী : রাজবাড়ী সদরে ৭ জন, পাংশায় ১ জন এবং বালিয়াকান্দিতে ১ জনকে আটক করেছে পুলিশ। সদর থানার এসআই ওয়াদুদ আলম বলেন, মিছিলের প্রস্তুতিকালে শহরের মাছবাজার ও রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। নড়াইল : পুলিশে সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ নড়াইলে জামায়াত ও শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া জেলা জামায়াতের আমীর, সেক্রেটাসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০০ জনের বিরুদ্ধে একটি মামলাও করেছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন। সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের উপর হামলা চালালে সংঘর্ষ হয়। বরগুনা : বরগুনা পুলিশ মঙ্গলবার দুপুরে জেলা ছাত্র শিবির সভাপতি গোলাম মাওলা মাসুদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে আটক করেছে। বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, বিশৃংখলতা সৃষ্টি ও সহিংসতার অভিযোগে তাদের আটক করা হয়েছে। গাইবান্ধা : গাইবান্ধা শহরে শিবিরের একটি বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করলে সংঘর্ষে তিন পুলিশসহ ২০ জন আহত হয়। পুলিশ ৯ শিবির কর্মীকে আটক করেছে। সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। মাদারীপুর : জেলা শহরের পুরানবাজার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। মাদারীপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, কয়েকজন শিবিরকর্মী সড়ক অবরোধ করে মিছিল করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা যানবাহন ভাংচুরের চেষ্টা করে। এ কারণে তাদেরকে আটক করা হয়। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মঙ্গলবার দুপুরে জামায়াত ও শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, মিছিল বেড় করার চেষ্টা করায় ৮ জনকে আটক করা হয়েছে। এর আগে সোমবারও ৪ শিবিরকর্মীকে আটক করা হয়। হবিগঞ্জ : পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করা ও শহরে নাশকতা সৃষ্টির আশংকায় হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার দুপুরে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সদর থানার ওসি মোজাম্মেল হক। পাবনা : জেলা শহরসহ ৯টি উপজেলার বিভিন্ন স্থান থেকে শিবিরের জেলা সেক্রেটারিসহ ২৯ জামায়াত ও শিবির নেতাকর্মীকে আটক করেছে। পাবনা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের বলেন, জনমনে আতঙ্ক ও আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় তাদের ১৫১ ধারায় আটক করা হয়েছে। শেরপুর : পুলিশের কাজে বাধা ও তাদের ওপর হামলার মামলায় নালিতাবাড়ি থেকে দুই জামায়াত নেতাকে আটক করে শেরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জামালপুর : জামালপুর শহরে বিক্ষোভ মিছিলের পর শহরের বিভিন্ন স্থান থেকে ছয় জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে জামায়াত নেতাকর্মীরা শহরের আনন্দগঞ্জ বাজার থেকে মিছিল বের হয়ে মেডিকেল রোডে গিয়ে সমাবেশ করে। খুলনা : খুলনায় মহানগরীতে সোমবার বিক্ষোভ মিছিলে পুলিশ আহত হওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারসহ ৬৩ জনের নাম উল্লে¬খ করে অজ্ঞাতনামা আরো ১ হাজার ৬৩ জনের বিরুদ্ধে সদর ও সোনাডাঙ্গা মডেল থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গত দু’দিনে ১৭ জনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ : শহরের মিয়াপাড়া রোকনউদ্দিন ট্রাস্টের মেসে অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ সাতজনকে আটক করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আটক কৃতদের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে। সাতক্ষীরা : শহরে শিবির মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় গাড়ী ভাংচুরসহ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে শিবিরের নেতাকর্মীরা, অপরদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে মিছিলকারীদের। সদর থানার ওসি গাজী মো. ইব্রাহিম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ২৬ জন শিবিরকর্মীকে আটক করেছে। এছাড়া ৮/১০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৫ ঘ.