ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনায় চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে তিনটি মামলা হয়েছে।
এ ঘটনায় আরো একটি মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভরত জামায়াত-শিবির কর্মীরা সোমবার বিকালে পুলিশের সংঘর্ষে জড়ালে রাজধানীর মতিঝিল এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশের একটি পিকআপ, বিআরটিসির একটি বাস এবং বেশ কয়েকটি মটর সাইকেলে আগুন দেয় জামায়াতকর্মীরা, আহত হয় অন্তত পঞ্চাশ জন। পুলিশ ঘটনার পর ৩১জনকে গ্রেপ্তার করে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় মঙ্গলবার ভোরে ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে তিনটি মামলা করা হয়।
এসব মামলায় বাদি হয়েছেন পুলিশের এসআই বেলায়েত হোসেন, রফিকুল হাসান ও এএসআই তোফাজ্জল হোসেন।
এসআই হাবিব জানান, গ্রেপ্তার ৩১ জনকে ওই তিন মামলায় আসামি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আরো একটি মামলা করার প্রস্তুতি চলছে।
সোমবার ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ঘ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৫০ ঘ.
bdnews24