রংপুর/বগুড়া, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-বগুড়ায় জনতা ও পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের সংঘর্ষের পর স্থানীয় দুই জামায়াত কার্যালয় পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার দুপুরে রংপুর শহরের শাপলা চত্বরে এবং বগুড়ায় নবাববাড়ী সড়কে স্থানীয় জামায়াত কার্যালয় পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
রংপুর প্রতিনিধি জানান, রংপুর শহরের শাপলা চত্বরে জনতা ও পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এরপর স্থানীয় জামায়াত কার্যালয় পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীসহ বিভিন্ন স্থানে সোমবার পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এবং যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে শাপলা চত্বরের পাশে জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। এ সময় ওই এলাকায় থাকা ট্রাক শ্রমিকদের সঙ্গে জামায়াত কর্মীদের বাক-বিতণ্ডা শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ওপর ইট পাটকেল ছুড়তে শুরু করে জামায়াত কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে স্থানীয় জনতাও জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় শাপলা চত্বর এলাকায় জামায়াতের কার্যালয়টি পুড়িয়ে দেয় একদল লোক।
প্রায় দুই ঘণ্টা সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়। পরে টিয়ারশেল ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
সহকারী পুলিশ সুপার (সার্কেল এ) এ বি এম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত কর্মীরা বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা চালালে নিরাপত্তার স্বার্থে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে।
জামায়াত কার্যালয়ে কারা আগুন দিয়েছে তা পুলিশ জানে না বলে উল্লেখ করেন তিনি।
সহকারী পুলিশ সুপার বলেন, কোতয়ালি থানার ওসি আলতাফ হোসেনসহ আহত পুলিশ সদস্যদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে মহানগর জামায়াতের আমীর মাহবুবুর রহমান বেলাল দাবি করেন, পুলিশের ইন্ধনেই জনতা তাদের কার্যালয়ে আগুন দিয়েছে।
সংঘর্ষের সময় পুলিশ ১০ জামায়াত কর্মীকে আটক করেছে বলেও দাবি করেন তিনি।
বগুড়া প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের গোহাইল রোডের টিটু মিলনায়তনের সামনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশের ধাওয়ার মুখে তারা পালিয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি ছকির উদ্দিন জানান, সাড়ে ১১টার দিকে শহরের সেউজগাড়ী মোড়ে জামায়াত কর্মীরা আরেকটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের ধাওয়ার মুখে তারাও পালিয়ে যায়। এ সময় আটক করা হয় চারজনকে।
নবাববাড়ী সড়কের প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে একদল যুবক হঠাৎ করে জামায়াত অফিসে ঢুকে চেয়ার ও আসবাবপত্র ভাংচুর করে। পরে তারা আগুন লাগিয়ে দিয়ে চলে গেলে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
পুলিশ ১২ জনকে আটক করেছে দাবি করে বগুড়া শহর জামাতের সেক্রেটারি জেনারেল মাজেদুর রহমান জুয়েল দাবি করেন, আওয়ামীলীগের কর্মীরা শহর জামায়াত কার্যালয়ে আগুন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/আরএ/১৫১৮ ঘ.
bdnews24