ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর দুই দিনের সংঘাত পরিকল্পিত বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ।
তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতেই বিএনপির মদদে জামায়াতে ইসলামী এই তৎপরতা চালাচ্ছে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ এবং দলের নয় শীর্ষ নেতার মুক্তি দাবিতে সোম ও মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভরত জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।
পুলিশ বলছে, জামায়াত নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর চড়াও হয়। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, তাদের মিছিলে বিনা উস্কানিতে হামলা চালায় পুলিশ।
ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে হানিফ বলেন, “যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতেই ঢাকাসহ সারাদেশে গত দুদিন ধরে হঠাৎ করে তাণ্ডবলীলা চালিয়েছে জামায়াত। বিএনপির মদদপুষ্ট হয়ে তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
সারাদেশে জামায়াতের ‘তাণ্ডবের’ পর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা এই বৈঠকে ছিলেন।
বৈঠকে অংশ নেয়া এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতসহ যে কোনো দলের ‘ধ্বংসাত্মক ও নৈরাজ্যকর’ পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে রাজপথে থাকার সিদ্ধান্ত হয়েছে।
“সহযোগী সংগঠনগুলোও আগামী নির্বাচন পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে।”
৮ নভেম্বর বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ এবং জাতীয় মসজিদের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং ১০ নভেম্বর বিকালে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত হয়েছে।
৮ ও ১০ নভেম্বর ঢাকার পাশাপাশি সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এছাড়া ৭ নভেম্বর ছাত্রলীগ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।
জামায়াতের ‘তাণ্ডব’ ঠেকাতে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে কি না- প্রশ্ন করা হলে হানিফ বলেন, “গোয়েন্দা ব্যর্থতা নেই, বরং গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই হামলা ব্যাপক আকার ধারণ করেনি।”
তিনি মনে করেন, খালেদা জিয়ার ভারত সফরের পর বিএনপি রাজনৈতিক ‘অবস্থান পরিবর্তন’ করায় জামায়াত তাদের শক্তি প্রদর্শন করতে চাইছে।
“জামায়াত হল সাপের মতো, গর্তের ভেতর লুকিয়ে থাকে; হঠাৎ মাথা বের করে ছোবল মারে।”
“তবে আওয়ামী লীগের কর্মসূচির মাধ্যমে তাদের গর্তে ঢুকিয়ে দেয়া যাবে,” যোগ করেন হানিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24