২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে রাঙ্গাকে সমর্থন এরশাদের

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য মশিউর রহমান রাঙ্গাকে সমর্থন দিয়েছে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য মশিউর রহমান রাঙ্গাকে সমর্থন দিয়েছে তার দল। যদিও এর আগে দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, কোনো প্রার্থীকেই তারা সমর্থন দেবে না। মঙ্গলবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের সভাপতিমণ্ডলির সদস্য রাঙ্গাকে মেয়র পদে সমর্থন দিয়েছেন। তিনি এ নির্বাচনে রাঙ্গাকে সমর্থন ও সহযোগিতা করতে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, রাঙ্গাকে রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তিনি একটি আহ্বায়ক কমিটি গঠন করবেন। পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। গত ১৮ অক্টোবর এক বিবৃতিতে এরশাদ বলেছিলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থীকেই সমর্থন দেবে না জাতীয় পার্টি। গত ১ জুলাই রংপুরকে দেশের দশম সিটি করপোরেশন হিসাবে ঘোষণা করা হয়। আগামী ২০ ডিসেম্বর এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হবে। রংপুরের ৩৩টি সাধারণ ওয়ার্ডে ভোটার রয়েছে মোট ৩ লাখ ৫৭ হাজার ২৩৮ জন। ১৯০টি কেন্দ্রের ১ হাজার ২০০ ভোটকক্ষে তারা ভোট দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৪৩৫ ঘ.