২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাতে হবে’

জামায়াতে ইসলামীকে নিয়ে দৃষ্টিভঙ্গী বদলাতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শাহরিয়ার কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বস্টন, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীকে নিয়ে দৃষ্টিভঙ্গী বদলাতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শাহরিয়ার কবির। এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা রাখার পরামর্শও দিয়েছেন ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি। শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটিতে ঘাতক-দালাল নির্মূল কমিটির এক সমাবেশে বক্তব্য রাখেন শাহরিয়ার কবির। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো মনে করে যে বাংলাদেশের জামায়াতে ইসলামী মডারেট রাজনৈতিক দল। তাদের এ ভ্রান্ত ধারণা পাল্টাতে হবে। এজন্য প্রবাসী বাংলাদেশিদের সোচ্চার হয়ে। “একাত্তরের ঘাতকদের একজন নিউ ইয়র্কে বাস করে মুসলিম-আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কর্মরত একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। গণহত্যায় লিপ্তদের কাছ থেকে কোনো সমাজ কখনোই কল্যাণকর কিছু আশা করতে পারে না- এ বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের জানাতে প্রবাসীদের ভূমিকার বিকল্প নেই।” আন্তর্জাতিক সন্ত্রাসবাদে জামায়াতে ইসলামীর যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন শাহরিয়ার কবির। একাত্তরের ঘাতকদের বিচারের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে জামায়াতে ইসলামীরও বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি। একাত্তরের যুদ্ধাপরাধের চলমান বিচারের বিষয়ে শাহরিয়ার কবির বলেন, “চলতি টার্মেই ঘাতকদের বিচার শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ঘাটতি নেই। তবে সব মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে বিচারের ক্ষেত্রে।” “একাত্তরের ঘাতকদের বিচারের ওপরই নির্ভর করছে ২০১৪ সালের জাতীয় নির্বাচনের ফলাফল,” মন্তব্য করেন তিনি। ঘাতক-দালাল নির্মূল কমিটির নিউ ইংল্যান্ড চ্যাপ্টার আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন আল আমিন, মাহফুজ রহমান ও আনোয়ার করিম রুমী, বিনয় পাল, এম এ গণি প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাজেদ কামাল, মুন ও গোলাম ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২২ ঘ.