২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে জামায়াতের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যুবলীগ-ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে পঞ্চগড়ে জেলা জামায়াতে ইসলামীর আমির ও নায়েবে আমিরসহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ-ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে পঞ্চগড়ে জেলা জামায়াতে ইসলামীর আমির ও নায়েবে আমিরসহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আহত যুবলীগ কর্মী মাসুম বাদি হয়ে বুধবার বিকেলে সদর থানায় দায়ের করা মামলায় অজ্ঞাত আরো ৬০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, নায়েবে আমির এমদাদুল হক, জামায়াতের বাজার ইউনিটের সভাপতি নাজিমউদ্দিন ও জেলা ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম আলীসহ ৩৯ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া হামলার ঘটনায় আটক সাত জামায়াত নেতাকর্মীকে বুধবার আদালত জেল-হাজতে পাঠিয়েছে বলে জানান এসআই। ছাত্রলীগের অভিযোগ, মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া রোডের এলজি শোরুমের সামনে জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা করা হলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও যুবলীগ কর্মী মাসুমসহ ৪ নেতাকর্মী আহত হয়। আহতরা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরে সরকার সমর্থক বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা আমীরের ইসলামবাগের বাসায় ও তেঁতুলিয়া রোডের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এদিকে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন এমপি ও সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান এমপির নেতৃত্বে বুধবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল হয়। এতে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দাবি, দ্রুত বিচার আইনে সাজানো মামলা দিয়ে তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০০৮ ঘ.