২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কীভাবে দুর্নীতি হয়েছে তা দেখতে চাই’

“বিশ্ব ব্যাংকের কাছে দুর্নীতির প্রমাণ থাকলে তারা কখনোই পদ্মা প্রকল্পে ফিরতো না”, নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে ফেরায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এ প্রকল্পে তারা দুর্নীতির যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে স্পষ্ট প্রমাণ দেখার অপেক্ষায় তিনি। সোমবার নিউ ইয়র্কে স্বেচ্ছাসেবক লীগের এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের এক অনুষ্ঠানে বক্তৃতার পর বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। “তাকে ধন্যবাদ জানিয়েছি এবং বলেছি, কীভাবে দুর্নীতি হয়েছে তা দেখতে চাই।” শেখ হাসিনা বলেন, “পদ্মা সেতু প্রকল্পে আমরা দুর্নীতি করেছি বলে বিশ্ব ব্যাংকের কাছে কোনো প্রমাণ থাকলে তারা কখনোই ওই প্রকল্পে ফিরতো না। “২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট আমলে দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক ছয়টি প্রকল্প বাতিল করেছিল। ওই সময় দুর্নীতির জন্যে বাংলাদেশকে সড়ক, সেতু ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে টাকা দেয়া বন্ধ করেছিল বিশ্বব্যাংক। বিএনপি-জামাতিরা সে অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারেনি।” চার দলীয় জোট সরকার আমলে বাতিল হওয়া প্রকল্পে বিশ্ব ব্যাংকের আর ‘ফিরে না আসার’ কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংক দুর্নীতির প্রমাণ পেয়েছিল বলেই তখন আর ফেরেনি।” পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, “যে সন্তান পয়দাই হয়নি, সে সন্তান কানা না খোঁড়া- তা জানবো কীভাবে?” তিনি বলেন, “পদ্মা সেতু প্রকল্পের প্রাথমিক কাজ সম্পন্ন করেছি দেড় হাজার কোটি টাকায়। এ টাকা সরকার ব্যয় করেছে। একটি পয়সারও দুর্নীতি হয়নি। অথচ বিশ্ব ব্যাংক এখন পর্যন্ত কোনো টাকা প্রদান না করেই দুর্নীতির অভিযোগ তুলেছিল।” স্বেচ্ছাসেবক লীগের যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন উপলক্ষে গ্র্যান্ড হায়াত হোটেলের বলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ান। অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, উপদেষ্টা খোরশেদ খন্দকার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, মুক্তিযোদ্ধা সংসদের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক নূরনবী, শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শামসুল আলম সমাবেশে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেনও উপস্থিত ছিলেন এই সমাবেশে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন শেখ হাসিনা। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার দেয়া নৈশভোজেও যোগ দেন শেখ হাসিনা। সফর শেষে ৩০ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১২৫০ ঘ.