২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাই বলে কি স্বপ্ন দেখা যাবে না’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) প্রস্তাবিত ফিল্ম সিটির (চলচ্চিত্র নগরী) নির্মাণ কাজ অদূর ভবিষ্যতে শেষ হবে না বলেই মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) প্রস্তাবিত ফিল্ম সিটির (চলচ্চিত্র নগরী) নির্মাণ কাজ অদূর ভবিষ্যতে শেষ হবে না বলেই মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার সকালে বিএফডিসি পরিদর্শনের আগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, “হয়তো যেদিন এ ফিল্ম সিটি নির্মাণ কাজ শেষ হবে সেদিন আমরা কেউ কবরে কেউবা শ্মশানে থাকব। কিন্তু তাই বলে কি স্বপ্ন দেখা যাবে না।” এই ‘ফিল্ম সিটি’ নির্মাণের প্রাথমিক উদ্যোগ শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “চলচ্চিত্র বিষয়ক একটি নীতিমালা বাস্তবায়নেরও চেষ্টা চলছে।” এফডিসির উদ্যোগে ১৯৮০ সালে এই ফিল্ম সিটি তৈরির পরিকল্পনা নেওয়া হয়। এ জন্য গাজীপুরের কবীরপুরে ১০৫ একর জমিও কেনা হয়। তবে এরপর বিগত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ইনু। “বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে চলচ্চিত্রের দুর্দিন কাটতে শুরু করেছে। আমরা চাই নতুন নতুন র্নিমাতা ও কুশলীরা চলচ্চিত্রের বিকাশে এগিয়ে আসুক। এ জন্য সরকার চলচ্চিত্রকে শিল্প এবং ৩ এপ্রিলকে চলচ্চিত্র দিবস ঘোষণা করেছে।” আলোচনা অনুষ্ঠানের পরে এফডিসির পরিচালক সমিতি ও শিল্পী সমিতি কার্যালয় পরিদর্শন করেন মন্ত্রী। অন্যদের মধ্যে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পিযুষ বন্দোপধ্যায়, সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পরিচালক সমিতির সভাপতি মুহাম্মদ হান্নান, অভিনেতা শাকিব খান, মিজু আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৬৩৪ ঘ.